ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সালমানের স্টুডিও ভাঙচুর

সাদিয়া বললেন, অশিক্ষিত-চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে

সাদিয়া বললেন, অশিক্ষিত-চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে
×

সালমান মুক্তাদির ও সাদিয়া আয়মান

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৩০

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন তিনি।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য। তার মতো একজন মানুষের সঙ্গে এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়।’

ঘটনার পাশাপাশি দেশে চাঁদাবাজি ও অশিক্ষিত মানুষের কর্মকাণ্ড নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি লেখেন, ‘এত অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে, যে ওরা ভালো কিছু জীবনে দেখেনি, আর দেখলেও সেটা হজম করতে পারে না।’

পোস্টের শেষাংশে ঘটনাটিকে ‘চরম লজ্জার’ বলে মন্তব্য করেন সাদিয়া। পরে পোস্টের মন্তব্যের ঘরেও সমালোচকদের উদ্দেশে কড়া প্রতিক্রিয়া জানান তিনি।

সাদিয়ার দাবি, যাদের উদ্দেশে পোস্টটি করা হয়েছিল, তাদেরই কেউ কেউ চাঁদাবাজদের পক্ষে অবস্থান নিয়ে মন্তব্য করছেন। এসব মন্তব্য ভবিষ্যতে তাদের পরিবারের সদস্যদের কাছেও দৃশ্যমান থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়া সাদিয়া আয়মানের পোস্টের কমেন্টবক্সে নানা ধরণের মন্তব্য করেছেন নেটিজেনরা। বিষয়টি নিয়ে অভিনেত্রী বলেন, ‘কি পরিমাণে ফ্রাস্ট্রেটেড মানুষগুলা যে কমেন্ট করছে! ঠিক যাদেরকে উদ্দেশ্য করে পোস্টটি করা সেই অশিক্ষিতগুলাই চাঁদাবাজদের হয়ে কমেন্টে ফ্রাস্ট্রেটেশন ঝাড়ছে! তোদের জন্য অনেক খারাপ লাগছে।’

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘যারা বাজে কমেন্ট করছেন তাদের প্রত্যেকটা কমেন্ট আজীবন থেকে যাবে ডকুমেন্টেড হয়ে। তাদের বাবা, মা সন্তানরা দেখবে যে তুই কত বড় নোংরা মানুষ, তোরা সুযোগ পেলে তোদের মা,মেয়ে,বোন দের ও ছাড়বি না! তোর তোদের স্বাক্ষর আজীবনের জন্য রেখে গেলি।’

সাদিয়া আয়মানের পোস্ট ও মন্তব্য প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন অনেকে।

আরও পড়ুন

×