ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ব্রিটিশ রাজপরিবারের ওয়েবসাইটে হ্যাকারদের হামলা

ব্রিটিশ রাজপরিবারের ওয়েবসাইটে হ্যাকারদের হামলা
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩ | ০৮:১৫ | আপডেট: ০২ অক্টোবর ২০২৩ | ০৮:১৫

সাইবার হামলার শিকার হয়েছে ব্রিটিশ রাজপরিবারের অফিশিয়াল ওয়েবসাইট। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে, এই হামলার পেছনে রুশ হ্যাকাররা জড়িত। হামলার কারণে ঘণ্টা দেড়েক রাজপরিবারের ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি। পরে সেটি পুনরুদ্ধার করা হয়।

রোববার সকালে স্কাই নিউজের উপস্থাপক ক্যারোলিন দি রুসো বলেন, ‘আমরা মাত্রই জানতে পেরেছি, রুশ হ্যাকাররা ব্রিটিশ রাজপরিবারের ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়ে দায় স্বীকার করা হয়েছে।’

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে রুশ হ্যাকার গ্রুপ ‘কিলনেট’ এই সাইবার হামলার দায় স্বীকার করেছে। তবে এই হামলা রাজপরিবারের ওয়েবসাইটের বড় কোনো ক্ষতি করতে পারেনি। ঘণ্টা দেড়েক পর সেটা পুনরুদ্ধার করা সম্ভব হয়।

ইউক্রেন ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যদেশগুলোর বিভিন্ন ওয়েবসাইটে হামলার জন্য পরিচিত কিলনেট। বিশেষ করে গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ হামলা শুরুর পর রাশিয়ার এই সাইবার গ্রুপ আরও বেশি সক্রিয় হয়ে উঠে।

রুশ সাইবার গ্রুপ কিলনেট জানিয়েছে, ‘ইউক্রেন যুদ্ধ ঘিরে যেসব দেশ রাশিয়ার বিরোধিতা করছে, সেসব দেশকে লক্ষ্য করে সাইবার আক্রমণ চালিয়ে যাওয়া হবে।’ 

এর আগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি ওয়েবসাইটে হ্যাকিংয়ের দাবি করেছিল কিলনেট। এ ছাড়া গত বছরের নভেম্বরে ইউরোপীয় পার্লামেন্টের ওয়েবসাইটে হ্যাকিংয়ের পেছনেও কিলনেট জড়িত ছিল।

আরও পড়ুন

×