হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প স্ট্রেইট’ দিয়ে মানচিত্র পোস্ট করলেন ট্রাম্প
কোলাজ: সমকাল
গালফ নিউজ
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:০৫
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে নতুন প্রস্তাবের পর গুরুত্বপূর্ণ এই জলপথের নাম ‘ট্রাম্প স্ট্রেইট’ দিয়ে একটি মানচিত্র প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি ওই মানচিত্র পোস্ট করেন।
ইরান এর আগে প্রস্তাব দিয়েছিল, যুক্তরাষ্ট্র কয়েকটি শর্ত পূরণ করলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল পুনরায় চালু করা যেতে পারে। এর মধ্যে ছিল ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া, ইরানি তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা শিথিল করা এবং লেবাননসহ যুদ্ধবিরতি কার্যকর করা।
_1790409887.jpg)
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছিলেন, যুক্তরাষ্ট্র প্রস্তাবটি গ্রহণ করলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল ফিরিয়ে আনা সম্ভব। তবে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধের বিষয়ে ইরানের দেওয়া প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করেছেন-ওয়াল স্ট্রিট জার্নাল-এর এমন প্রতিবেদনের পর আনুষ্ঠানিক মার্কিন জবাবের অপেক্ষায় রয়েছে তেহরান।
হরমুজ প্রণালির নাম বদলের ইঙ্গিত অবশ্য ট্রাম্প এর আগেও দিয়েছিলেন। ২ সেপ্টেম্বর ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি প্রশ্ন করেছিলেন, যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প স্ট্রেইট’ করা যায় কি না। পরে হোয়াইট হাউসও ওই নামে একটি মানচিত্র প্রকাশ করেছিল।
হরমুজ প্রণালি বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি। ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে এই জলপথের নিয়ন্ত্রণ ও নৌ চলাচল নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ তীব্র হয়েছে। ইরানের প্রস্তাবে প্রণালিটি খুলে দেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের সামরিক অবরোধ প্রত্যাহার ও নিষেধাজ্ঞা শিথিল করার সঙ্গে সরাসরি যুক্ত করা হয়েছে।
এদিকে হোয়াইট হাউস এর আগে দাবি করেছে, মার্কিন বাহিনী হরমুজ প্রণালির নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখানে বাণিজ্যিক জাহাজ চলাচল নিশ্চিত করছে।
- বিষয় :
- ইরান
- হরমুজ প্রণালি
- ট্রাম্প
- যুক্তরাষ্ট্র