মালয়েশিয়া থেকে মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠানো শুরু
বাসে করে মিয়ানমারের অভিবাসীদের নৌঘাঁটির দিকে নেওয়া হয়। মঙ্গলবার মালয়েশিয়ার লুমুত শহরে। ছবি: এএফপি
এএফপি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:০০ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:৫৪
মালয়েশিয়ার আটককেন্দ্রে থাকা মিয়ানমারের ৫ হাজার নাগরিক স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে সম্মত হয়েছেন। প্রথম দফায় তাদের মধ্যে দেড় হাজার জনকে মঙ্গলবার ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
অভিবাসীবিরোধী মনোভাব ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় কুয়ালালামপুর এমন উদ্যোগ নিয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এসব নাগরিকরা যুদ্ধবিধ্বস্ত দেশে ফিরে আবার ঝুঁকির মুখে পড়বেন। আটককেন্দ্রগুলোর ভয়াবহ পরিস্থিতি হয়তো তাদেরকে স্বেচ্ছায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।
প্রথম দফায় দেড় হাজারের মধ্যে কতজন রোহিঙ্গা আছেন- তা দুই দেশের কেউই আনুষ্ঠানিকভাবে জানায়নি। মঙ্গলবার উত্তর-পশ্চিম মালয়েশিয়ায় বেশ কয়েকজন অভিবাসীকে বাসে তুলতে দেখেছেন এএফপির সাংবাদিকরা। এ সময় পুলিশি পাহারা ছিল।
অভিবাসীদেরকে লুমুত নৌঘাঁটিতে নেওয়া হবে। সেখান থেকে জাহাজে করে পাঠানো হবে মিয়ানমারে। দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, চলতি সপ্তাহের শেষ দিকে নৌযানগুলো ইয়াঙ্গুনের থানলিন নৌঘাঁটিতে পৌঁছানোর কথা।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় বর্তমানে মিয়ানমারের ১ লাখ ৯০ হাজার শরণার্থী আছে। তাদের প্রায় দুই-তৃতীয়াংশ সংখ্যালঘু রোহিঙ্গা। গত জুলাইয়ের মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঘোষণা দেন, মিয়ানমার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে।
- বিষয় :
- মিয়ানমার
- মালয়েশিয়া
- অভিবাসী
- প্রত্যর্পণ
- রোহিঙ্গা