ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বার্নাব্যুতে মরিনহোর ‘ইন্টার পুনর্মিলনী’

বার্নাব্যুতে মরিনহোর ‘ইন্টার পুনর্মিলনী’
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৪৪

ইন্টার মিলানকে ট্রেবল জিতিয়ে ২০১০ সালের গ্রীষ্মে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন হোসে মরিনহো। সেই ঘটনার ১৬ বছর পর রিয়ালে দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন পর্তুগিজ এ কোচ। আর দ্বিতীয় অধ্যায়ে সান্টিয়াগো বার্নাব্যুতে আজ চ্যাম্পিয়ন্স লিগ শুরু করছেন তিনি নিজের পুরোনো ক্লাব ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচ দিয়ে। 

চ্যাম্পিয়ন্স লিগের নতুন আসর শুরুর রাতে আরেক বিগ ম্যাচে পোর্তোর মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি। আরও দুটি উল্লেখযোগ্য ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের মোকাবিলা করবে ভিয়ারিয়াল, ক্লাব ব্রুজ খেলবে অ্যাস্টন ভিলার বিপক্ষে।

১৬ বছর আগে চ্যাম্পিয়ন্স লিগ জিতে ঐতিহাসিক ট্রেবল পূর্ণ করেছিল ইন্টার। ১৯৬৫ সালের পর ইতালিয়ান ক্লাবগুলোর মধ্যে সেই প্রথম ট্রেবল জিতেছিল ইন্টার। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার এক সপ্তাহের মধ্যে ইন্টার ছেড়ে রিয়ালে যোগ দিয়েছিলেন মরিনহো। তবে আক্ষেপের বিষয় হলো প্রথম দফায় তিন বছরের কোচিংয়ে রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগে সেমির বেশি নিয়ে যেতে পারেননি তিনি। 

রেকর্ড ১৫ বার চ্যাম্পিয়ন্স লিগজয়ী রিয়াল মাদ্রিদের বর্তমান সময়টা ভালো যাচ্ছে না। গত দুই মৌসুম ট্রফির দেখা নেই। সেই ব্যর্থতার জেরেই জাবি আলোনসো ও আলভারো আরবেলোয়াকে কোচের দায়িত্ব থেকে সরিয়ে মরিনহোর দ্বারস্থ হয়েছেন রিয়াল বস ফ্লোরেন্তিনো পেরেজ। তাঁকে ফেরানো হয়েছে মূলত ইউরোপিয়ান ট্রফি জয়ের জন্য। রিয়ালে সফল না হলেও মরিনহোর চেয়ে বেশিবার ইউরোপিয়ান ট্রফি জিতেছেন মাত্র পাঁচজন কোচ। প্রথম দফায় তিন মৌসুম কাটিয়ে রিয়াল ছাড়েন মরিনহো। তাঁর বিদায়ের পর কার্লো আনচেলত্তি দুবার ও জিনেদিন জিদানের কোচিংয়ে তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে রিয়াল।

আরও পড়ুন

×