ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

৩০০ টাকার কাঁচামরিচ ৪ দিনের মাথায় ৬০০

৩০০ টাকার কাঁচামরিচ ৪ দিনের মাথায় ৬০০
×

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৩ | ১৩:৪৩ | আপডেট: ০৯ জুলাই ২০২৩ | ১৩:৪৩

নেত্রকোনার কলমাকান্দায় কাঁচামরিচের সংকট দেখা দিয়েছে। এ কারণে প্রতি কেজি কাঁচামরিচের খুচরা দর উঠেছে ৬০০ টাকায়। গত বুধবার প্রতি কেজি যে কাঁচামরিচের দাম ছিল ৩০০ টাকা; চার দিনের ব্যবধানে এখন তা বিক্রি হচ্ছে ৬০০ টাকা দরে। বাধ্য হয়ে বেশি দামেই কিনছেন ক্রেতারা।

রোববার সকালে সরেজমিন দেখা গেছে, মধ্যবাজারের তোয়া বাজার এলাকায় তরকারির অধিকাংশ দোকানে কাঁচামরিচ নেই। হাতে গোনা কয়েকটি দোকানে কাঁচামরিচ থাকলেও পরিমাণে অল্প। এসব দোকানে প্রতি কেজি কাঁচামরিচ খুচরা ৫৫০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। দাম বেশি হওয়ায় বাজার ঘুরে কেউ ১০০ গ্রাম, কেউ ২৫০ গ্রাম; অনেকে দাম শুনে না কিনেই বাড়ি ফিরছেন।

স্থানীয় পাইকারি কাঁচামাল ব্যবসায়ী কৃষ্ণ সাহা বলেন, ৩৬০ টাকা দরে প্রতি কেজি কাঁচামরিচ জেলা শহর থেকে কিনে আনতে হয়। এতে সব মিলে খরচ হয় ৩৮০ থেকে ৩৯০ টাকা। বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ ৪০০ টাকায় বিক্রি করছেন তিনি।

বিষয়টি নিয়ে কথা হয় খুচরা ব্যবসায়ী সুমন সরকার, কাজল মিয়া, কৃষ্ণ সরকারের সঙ্গে। তাঁদের দাবি, বর্তমানে কাঁচামরিচের খুবই সংকট। রোববার কলমাকান্দার ৫-৭টি আড়তের মধ্যে মাত্র দুই-একটিতে কাঁচামরিচ পাওয়া গেছে। পাইকারি দোকান থেকে প্রতি কেজি কাঁচামরিচ ৪০০ থেকে ৪২০ টাকায় কিনতে হয় তাদের। এর মধ্যে আবার পচাসহ ঘাটতি আছে। বাধ্য হয়ে প্রতি কেজি কাঁচামরিচ ৫৫০ থেকে ৬০০ টাকায় বিক্রি করতে হচ্ছে।

তবে এসবের জন্য বাজার মনিটরিং এবং সিন্ডিকেটকে দায়ী করেছেন ক্রেতারা। তাদের দাবি, বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার নয়। এ কারণে সিন্ডিকেট করে কাঁচামরিচের দাম হঠাৎ বাড়িয়ে দেওয়া হয়েছে।

অভিযোগ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) শহিদুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘হঠাৎ কাঁচামরিচের দাম বেড়ে যাওয়ার বিষয়টি কেউ আমাদের জানায়নি। তবে খোঁজ নিয়ে বাজার মনিটরিং করা হবে।’

আরও পড়ুন

×