ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু, মাসহ গ্রেপ্তার ২

ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু, মাসহ গ্রেপ্তার ২
×

ম্যাপ

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬ | ১৮:৪৭ | আপডেট: ২৯ জুলাই ২০২৬ | ১৮:৪৮

চট্টগ্রামের বোয়ালখালীতে ছোট ভাইয়ের কোদালের আঘাতে প্রাণ হারান বড় ভাই। এ ঘটনায় স্ত্রীর করা মামলায় নিহতের মাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে অভিযুক্তদের আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। তবে মূল অভিযুক্ত এখনও গ্রেপ্তার হননি। 

মঙ্গলবার দিবাগত রাতে নিহতের স্ত্রী বাদী হয়ে দেবরকে প্রধান আসামি করে এ হত্যা মামলা দায়ের করেন।

সেদিন বিকেলে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে প্রাণ হারান মুদি দোকানদার মো. নেজাম উদ্দিন (৩৮)। তিনি উপজেলার শাকপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মধ্যম শাকপুরার ঘোষখীল গ্রামের আছাদ তালুকদার বাড়ির মৃত আবদুল হালিমের বড় ছেলে।

পুলিশ নেজামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতের স্ত্রী মোছাম্মৎ ফারিয়া তানহা মাইমা বাদী হয়ে দেবর মো. জামাল উদ্দিন সুমন (৩৬), শাশুড়ি হালিমা বেগম (৭০) ও জামালের স্ত্রী সানজিদা আকতার পপিকে (২৬) আসামি করে বোয়ালখালী থানায় হত্যা মামলা দায়ের করেন।

বুধবার সকালে নিহতের মা হালিমা বেগম (৭০) ও ছোট ভাই জামালের স্ত্রী সানজিদা আকতার পপিকে (২৬) স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, পারিবারিক কলহের জেরে নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এজাহারনামীয় দুই আসামিকে জনতা আটক করে। পরে তাদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়। মূল আসামি জামালকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

×