ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

যুবককে মারধর করে পাসপোর্টসহ দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

যুবককে মারধর করে পাসপোর্টসহ দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
×

প্রতীকী ছবি

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:১০ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:২২

ফরিদপুরের আলফাডাঙ্গায় রমিজ শেখ শান্ত নামে যুবককে মারধর করে পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সঙ্গে থাকা দুই লাখ টাকাও ছিনিয়ে নিয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। গতকাল সোমবার বিকেলে টগরবন্দ ইউনিয়নের কুমুরতিয়া খেয়া ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। 

আহত শান্তকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একই এলাকার কামাল শেখ ও তাঁর দুই ছেলেসহ চারজনের নামে সোমবার রাতেই আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন রমিজ শেখ শান্ত। 

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, কুমুরতিয়া গ্রামের নূর আলমের ছেলে রমিজ শেখ শান্তর পরিবারের সঙ্গে একই গ্রামের কামাল শেখের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গতকাল সোমবার বিকেলে শান্ত সৌদি আরব যাওয়ার ভিসা করার জন্য দুই লাখ টাকা, পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র ব্যাগে ভরে ঢাকার উদ্দেশে রওনা হন। তিনি কুমুরতিয়া খেয়াঘাটে পৌঁছালে কামাল শেখ ও তাঁর দুই ছেলেসহ কয়েকজন তাঁকে মারধর করে দুই লাখ টাকা, পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়। এ সময় শান্তর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা তাঁকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন শান্তকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

অভিযুক্ত কামাল শেখ বলেন, ‘আমি এই ঘটনার সঙ্গে জড়িত না। শুনেছি আমার দুই ছেলের সঙ্গে শান্তর হাতাহাতি হয়েছে।’ তবে টাকা ও পাসপোর্টের বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন কামাল শেখ।

লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ওসি সোহেল সারোয়ার জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×