সরকারি চাকরিতে ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন
ছবি- সমকাল
কুবি প্রতিনিধি
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:০৩
সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারী নিয়োগের মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এসময় তারা এই সিদ্ধান্ত বাতিল করে মেধাভিত্তিক ও স্বচ্ছ নিয়োগব্যবস্থা নিশ্চিত না করলে তীব্র আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা ‘ভাইবা না মেধা? মেধা মেধা’, ‘কোটা গেছে যে পথে, ভাইভা যাবে সে পথে’, এবং ‘ভাইভার নামে দলীয়করণ, মানি না মানব না’সহ বিভিন্ন স্লোগান দেন।
জানা যায়, সম্প্রতি ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারী নিয়োগের মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর পাশাপাশি লিখিত পরীক্ষায় পাস নম্বর কমিয়ে বিধিমালা পরিবর্তনের নানা খবর এসেছে। এ নিয়ে গতকাল সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, কোনো বিশেষ উদ্দেশ্যে বা বৈষম্য সৃষ্টির জন্য নয়; বরং দক্ষ-যোগ্য প্রশাসনিক জনবল নিশ্চিত করতেই সরকারি চাকরিতে (১১ থেকে ২০মত গ্রেডে কর্মচারী নিয়োগে) মৌখিক পরীক্ষার নম্বরে পরিবর্তন এনেছে সরকার।
মানববন্ধনে লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, ২০২৪ সালের আন্দোলনে শহীদ ও আহতদের রক্তের ওপর দাঁড়িয়ে সরকার আবারও বৈষম্যের পথ বেছে নিয়েছে। এতে মেধাবীদের মূল্যায়ন ব্যাহত হবে এবং রাজনৈতিক প্রভাব ও তদবিরের সুযোগ বাড়বে।
ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাইম ভূইয়া বলেন, তারেক রহমান সরকারকে জানিয়ে দিতে চাই, ভাইভা নামের এই প্রহসন ৪০, ৫০ কিংবা ৬০ নম্বর বন্ধ করে আগের ১০ নম্বরের প্রক্রিয়া বহাল রাখুন। অন্যথায় বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশের শিক্ষার্থীরা আবারও রাজপথে নামবে।
ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রাহিম বলেন, ‘বিগত ১৭ বছর আওয়ামী লীগ প্রশাসনকে দলীয়করণের উদ্দেশ্যে কোটার মাধ্যমে মেধাবীদের সঙ্গে বৈষম্য করেছে। সচিবালয় দখলের এই অপচেষ্টা ফ্যাসিবাদ তৈরির প্রথম ধাপ। আমরা দেখছি, বর্তমান সরকারও সেই পথে পা বাড়িয়েছে। কে ক্ষমতায় আসব সেটি নয়, সাধারণ শিক্ষার্থীদের দাবি সুন্দরভাবে দেশ পরিচালনা এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা।’