ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বিএফএফ-সমকাল বিতর্কে রাজবাড়ীতে চ্যাম্পিয়ন খানখানাপুর তমিজউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়

বিএফএফ-সমকাল বিতর্কে রাজবাড়ীতে চ্যাম্পিয়ন খানখানাপুর তমিজউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়
×

জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে আমন্ত্রিত অতিথি ও সুহৃদদের সঙ্গে বিতার্কিকরা। ছবি-সমকাল

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:৩০

বিএফএফ-সমকাল বিতর্ক প্রতিযোগিতায় রাজবাড়ীতে চ্যাম্পিয়ন হয়েছে খানখানাপুর তমিজউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয়েছে রাজধরপুর উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের দলনেতা নুসরাত জাহান।

‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ এ স্লোগানে বুধবার দিনব্যাপী জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয় রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও দৈনিক সমকালের যৌথ আয়োজনে এবং শাহজালাল ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এবারের উৎসবে জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়।

সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক রেজভী জামান। উদ্বোধনী পর্বে বক্তব্য দেন সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, রাজবাড়ী সুহৃদ সমাবেশের সহসভাপতি ডা. রাজীব দে সরকার ও সাধারণ সম্পাদক মানিক হোসেন।

বিকেলে অনুষ্ঠিত হয় সমাপনী ও পুরস্কার বিতরণী পর্ব। এতে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মজিদ। বক্তব্য দেন সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, রাজবাড়ী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ নুরুল হক আলম, রাজবাড়ী সুহৃদ সমাবেশের উপদেষ্টা কমল কান্তি সরকার, অপূর্ব কুমার দাস, সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্র শীল ও আরডিএর সভাপতি ফারুক উদ্দিন।

উদ্বোধনী ও সমাপনী পর্বে বক্তারা বলেন, বিতর্ক চর্চা মননে বিশুদ্ধ চিন্তার উদ্ভব ঘটায়। একই সঙ্গে অন্যের কথা শোনার আগ্রহ, ধৈর্য ও গণতান্ত্রিক মনোভাব তৈরি করে। সমাজে বিদ্যমান অসহিষ্ণুতা দূর করতেও বিতর্ক চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তাঁরা বলেন, সমন্বিতভাবে বাঁচার জন্য বিভিন্ন বিষয়ে জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। বিতর্ক চর্চা একজন শিক্ষার্থীকে অনেক কিছু জানতে এবং যুক্তি দিয়ে নিজের বক্তব্য উপস্থাপন করতে শেখায়। এর মাধ্যমে একজন বিতার্কিক অন্যদের থেকে আলাদা ও অনন্য ব্যক্তিত্ব হিসেবে গড়ে ওঠে। তাই শিক্ষার্থীদের বিতর্ক চর্চা অব্যাহত রাখা প্রয়োজন।

অনুষ্ঠানের উভয় পর্বে সভাপতিত্ব করেন রাজবাড়ী সুহৃদ সমাবেশের সভাপতি আহসান হাবীব। সঞ্চালনা করেন সংগঠনের সহসভাপতি রবিউল রবি ও কার্যনির্বাহী সদস্য মোনালিসা।

দিনব্যাপী প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন রাজবাড়ী সরকারি কলেজের প্রভাষক সুরজিৎ চক্রবর্তী, স্কুল শিক্ষক ওলিউল আজম তৈমুর, স্কুল শিক্ষিকা সেলিনা বিলকিস, স্কুল শিক্ষক রফিকুল ইসলাম, সাংবাদিক সুমন বিশ্বাস এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাহিয়ান, আবীর ও ফেরদৌস।

প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য দলগুলো হলো রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী ইয়াছিন উচ্চ বিদ্যালয়, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়, বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয় ও সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউট গোয়ালন্দ।

আরও পড়ুন

×