ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন তরুণকে নির্যাতন, চুল কেটে ভিডিও

চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন তরুণকে নির্যাতন, চুল কেটে ভিডিও
×

ছবি: সংগৃহীত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ২১:৪৬

পাবনার ঈশ্বরদীতে মোবাইল ফোন চুরির অভিযোগে মানসিক ভারসাম্যহীন এক তরুণকে ধরে এনে অমানবিক নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু যুবকের বিরুদ্ধে। শুধু নির্যাতন করে ক্ষান্ত হননি অভিযুক্তরা, চুল কাটার সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর মধ্যপাড়া প্রামাণিকপাড়ায় এ ন্যক্কারজনক ঘটনা ঘটে। সন্ধ্যার পর সামাজিক মাধ্যমে নির্যাতনের ভিডিও ও ছবি ছড়িয়ে পড়লে জনমনে তীব্র ক্ষোভ দেখা দেয়।

স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের শাহিনুর প্রামাণিকের বাড়ি থেকে একটি মোবাইল ফোন চুরি হয়। এর সঙ্গে জড়িত সন্দেহে স্থানীয় কয়েকজন যুবক ওই তরুণকে আটক করে ধরে আনেন। পরে চুরির অপরাধের অজুহাত তুলে বকুল প্রামাণিক নামে স্থানীয় এক ব্যক্তি কাঁচি দিয়ে জোর করে ওই তরুণের মাথার চুল কেটে দেন এবং তাকে মানসিক নির্যাতন করেন।

ঘটনার পর বকুল প্রামাণিক নিজের অপরাধ ঢাকতে দাবি করেন, ওই তরুণ একজন চিহ্নিত মাদকাসক্ত এবং নেশার টাকা জোগাড় করতেই শাহিনুরের বাড়ি থেকে মোবাইল চুরি করেছিলেন।

ভুক্তভোগী পরিবার জানিয়েছে, তরুণটি দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভারসাম্যহীন। তার বাবা সুজন সরদার বলেন, ‘ছেলেকে আটকে রেখে নির্যাতন করার খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করি। আমার ছেলে মানসিকভাবে পুরোপুরি সুস্থ নয়। হয়তো সে না বুঝে কারও বাড়িতে গিয়ে থাকতে পারে, তাই বলে এভাবে প্রকাশ্যে চুল কেটে সামাজিক ও মানসিকভাবে একটা মানুষকে শেষ করে দেওয়া চরম অমানবিক অপরাধ। আমি এর বিচার চাই।’

ফেসবুকে ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি নজরে আসার কথা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ জানান, সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিওটি পুলিশের নজরে এসেছে। তবে এই নির্যাতন বা চুল কাটার ঘটনায় এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবার কিংবা অন্য কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×