ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

১০ ড্রেজার ও ৬ এক্সক্যাভেটরসহ সরঞ্জাম ধ্বংস

১০ ড্রেজার ও ৬ এক্সক্যাভেটরসহ সরঞ্জাম ধ্বংস
×

ছবি- সমকাল

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৪৯

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ সংকটাপন্ন (ইসিএ) এলাকায় অভিযান চালিয়ে পাথর ও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণে নিষিদ্ধ সরঞ্জাম জব্দের পর ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে জাফলং-ডাউকি নদীর ইসিএ এলাকার বাউড়ভাগ হাওড়, নাইন্দার হাওড়, জাফলং চা বাগান, জুমপাড় ও জিরো পয়েন্টে অভিযান চালানো হয়।

এ সময় অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনে ব্যবহৃত ১০টি ড্রেজার, ছয়টি এক্সক্যাভেটর, পাঁচটি জেনারেটর, ৪৪টি বারকি নৌকা, ১৩টি কনভেয়ার বেল্ট, ১৫টি শ্যালো মেশিন ও পাঁচটি ব্যাটারি ধ্বংস করা হয়। এ ছাড়া আরও চারটি ব্যাটারি জব্দ করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ বলেন, পরিবেশ সুরক্ষায় অবৈধ পাথর-বালু উত্তোলনসহ বায়ুদূষণ, পাহাড়-টিলা কর্তন, অবৈধ ইটভাটা ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফাইজুল কবির, বিভাগীয় কার্যালয়ের সিনিয়র টেকনিশিয়ান আল মামুনসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

আরও পড়ুন

×