বগুড়ায় খাঁচাবন্দি ১০৩ টিয়া উড়ল মুক্ত আকাশে
ছবি: সমকাল
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৫৬
বগুড়ায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে খাঁচাবন্দি ১০৩টি টিয়া পাখি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে বৃহস্পতিবার দুপুরে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে পাখিগুলোকে অবমুক্ত করা হয়।
পুলিশ ও বন বিভাগ সূত্রে জানা গেছে, পাচারের উদ্দেশ্যে বিপুলসংখ্যক টিয়া পাখি নিয়ে যাওয়া হচ্ছে– এমন তথ্য পেয়ে বুধবার রাত ১১টার দিকে শহরের ঠনঠনিয়া এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। নওগাঁ থেকে ঢাকাগামী আল বারাকা ট্রাভেলস নামে একটি বাসে এ তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে বাসের সাইড বক্সের ভেতর থেকে ১০টি প্লাস্টিকের খাঁচায় গাদাগাদি করে রাখা ১০৩টি টিয়া পাখি উদ্ধার করা হয়। তবে পাখিগুলো বহনকারী ব্যক্তিকে আটক করতে পারেনি পুলিশ।
বগুড়া বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা দুলাল কুমার সাহা জানান, পাখিগুলোর মধ্যে মেথ টিয়া ও লাল মাথা টিয়া প্রজাতির পুরুষ স্ত্রী পাখি রয়েছে। এসব টিয়া মূলত বাংলাদেশ ও ভারতের পাহাড়ি এলাকার বুনো পাখি হিসেবে পরিচিত। খাদ্যের সন্ধানে বিশেষ করে ভুট্টা ও মরিচ ক্ষেতে এসব পাখি চলে আসে। এ সময় এক শ্রেণির অসাধু ব্যক্তি পাখিগুলো ধরে বেচাকেনা ও পাচারের চেষ্টা করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উদ্ধার হওয়া পাখিগুলো অবমুক্ত করা হয়েছে।
বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী বুনো টিয়া ধরা, বিক্রি বা বেচাকেনা সম্পূর্ণ নিষিদ্ধ। ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে বাসটি জব্দ করার আগেই পাখি বহনকারী ব্যক্তি পালিয়ে যায়। বাসচালক ও সুপারভাইজারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ছাড়া একটি মোবাইল ফোন নম্বর পাওয়া গেছে। ওই নম্বরের সূত্র ধরে পাখি পাচারের সঙ্গে জড়িত চক্রকে শনাক্তের চেষ্টা চলছে। বন বিভাগের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।