বিজ্ঞান বিতর্ক উৎসব
পঞ্চগড়ে চ্যাম্পিয়ন করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন
ছবি- সমকাল
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ২১:৫৬
বর্তমান সমাজব্যবস্থায় বিজ্ঞানভিত্তিক যুক্তি ও বুদ্ধির কোনো বিকল্প নেই। যুক্তি ও বুদ্ধি দিয়েই সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। দৈনিক সমকাল দীর্ঘদিন ধরে স্কুলপর্যায়ে বিজ্ঞান নিয়ে যুক্তি ও বুদ্ধির লড়াই করার শিক্ষা দিয়ে আসছে। এ ধরনের আয়োজনে অংশ নিতে হলে অবশ্যই পড়াশোনা করতে হবে। পাশাপাশি এসব কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে নিজেকে সময়ের সঙ্গে উপযোগী করে গড়ে তোলা সম্ভব।
বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড়ে ১২তম বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. দেলওয়ার হোসেন প্রধান।
তিনি বলেন, বিতর্কের মাধ্যমে নিজের বুদ্ধিভিত্তিক যুক্তি অন্যের সামনে তুলে ধরতে হবে এবং অন্যের দেওয়া যুক্তি বুদ্ধি দিয়ে খণ্ডন করতে হবে। সমকাল সুহৃদ সমাবেশ তথা বিএফএফ-সমকাল অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এ কাজটি করে যাচ্ছে।
তিনি আরও বলেন, আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমেই একজন শিক্ষার্থী তথা মানুষ নিজেকে সমাজে সফলভাবে তুলে ধরতে পারেন। এজন্য স্কুলজীবন থেকেই শিক্ষার্থীদের মধ্যে আধুনিক বিজ্ঞানের ধারণা দেওয়া প্রয়োজন। শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে সমকালের এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ আয়োজনে সহযোগিতাকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ স্লোগানে সকাল থেকেই পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুম ও প্রাঙ্গণ মুখরিত ছিল ক্ষুদে বিতার্কিকদের যুক্তিতর্কে। স্কুলপর্যায়ের শিক্ষার্থীদের যুক্তিনির্ভর ও আধুনিক বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও সমকালের যৌথ উদ্যোগে সমকাল সুহৃদ সমাবেশ প্রতিবছরের মতো এবারও এ বিতর্ক উৎসবের আয়োজন করে। এতে সহযোগিতা করে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি।
_1789055750.jpg)
জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠান—পঞ্চগড় বিষ্ণু প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন, মাগুড়া প্রধানপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, মাঘই পানিমাছ পুকুরী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, আব্দুল হান্নান শেখ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, দেওয়ানহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এবং ড. আবেদা হাফিজ গার্লস স্কুল অ্যান্ড কলেজ—এ প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রতিটি প্রতিষ্ঠান থেকে তিনজন করে বিতার্কিক অংশ নেন। সনাতনী পদ্ধতিতে অনুষ্ঠিত বিতর্কের চূড়ান্ত পর্বে করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন দল ১৩৩ দশমিক ১ নম্বর পেয়ে চ্যাম্পিয়ন হয়। ১১৬ দশমিক ২ নম্বর পেয়ে রানারআপ হয় ড. আবেদা হাফিজ গার্লস স্কুল অ্যান্ড কলেজ। একই সঙ্গে বিজয়ী দলের দলনেতা মোছা. উম্মে হুমায়রা সেরা বক্তা নির্বাচিত হন।
এর আগে সকাল ৯টায় বিদ্যালয় চত্বরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম। পরে বিদ্যালয়ের হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু হিরন।
পঞ্চগড় সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি ও পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পঞ্চগড় নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাবের আহ্বায়ক মো. আজহারুল ইসলাম জুয়েল, পঞ্চগড় টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের সহযোগী অধ্যাপক মো. রফিকুল ইসলাম এবং পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গুলশান আরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন পঞ্চগড় সমকাল সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।
দিনভর বিতর্ক প্রতিযোগিতার বিভিন্ন পর্যায়ে বিচারকের দায়িত্ব পালন করেন পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আরেফা বেগম ও কাদেরুল ইসলাম, পঞ্চগড় বিষ্ণু প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন, আব্দুল হান্নান শেখ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আমিনুর ইসলাম, মাগুড়া প্রধানপাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রাবেয়া জাহান লুনা, ড. আবেদা হাফিজ গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক তন্ময় রায়, কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনের সহকারী শিক্ষক জাকিরুল ইসলাম, দেওয়ানহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল আমিন এবং মাঘই পানিমাছ পুকুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম আজম রানা।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর মো. দেলওয়ার হোসেন প্রধানসহ অন্যান্য অতিথি চ্যাম্পিয়ন ও রানারআপ দলের বিতার্কিকদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। একই সঙ্গে উৎসবে অংশ নেওয়া অন্যান্য বিতার্কিকদেরও সনদপত্র দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন সমকালের পঞ্চগড় প্রতিনিধি সফিকুল আলম, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ এবং পঞ্চগড় টেকনিক্যাল ও বিএম কলেজের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম।
দিনভর বিতর্ক অনুষ্ঠানে পঞ্চগড় সুহৃদ সমাবেশের রিদুয়ান রাহী আরমান, আবু বক্কর সিদ্দিক, বর্ষা, অনুপপ, স্নেহা, মুহিব্বা, আতিক, মামুন, রিপন, রাব্বি, তাহমিদসহ অন্যান্য সদস্য অনলাইন রেজিস্ট্রেশনসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।
- বিষয় :
- বিতর্ক
- প্রতিযোগিতা
- সমকাল