ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

অ্যাডহক কমিটিতে সাবেক ছাত্রদল নেতারা

অ্যাডহক কমিটিতে সাবেক ছাত্রদল নেতারা
×

সিলেট ব্যুরো

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৪৩ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:০২

| প্রিন্ট সংস্করণ

সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেয়েছেন ছাত্রদলের সাবেক নেতারা। প্রায় ৫ বছর পর ঘোষিত জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি ঘোষণার তিন দিনের মাথায় বৃহস্পতিবার বিভাগীয় কমিটির অ্যাডহক কমিটি ঘোষণা করে জাতীয় ক্রীড়া পরিষদ। দুটি কমিটিতে প্রশাসনিক কর্মকর্তাদের বাইরে দুইজন করে সদস্য রাখা হয়েছে। এসব সদস্য বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং এক সময়ে ছাত্রদলের পরিচিত মুখ ছিলেন।  

বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সাত সদস্যের বিভাগীয় অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়। এতে পদাধিকারবলে সিলেট বিভাগীয় কমিশনারকে সভাপতি ও স্থানীয় সংগঠক সিদ্দিকুর রহমান পাপলুকে সদস্য সচিব করা হয়। সদস্য করা হয়েছে সিলেটের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি), পুলিশ কমিশনার, স্থানীয় সরকারের পরিচালক, বিভাগীয় সমবায় অফিসের যুগ্ম নিবন্ধক ও স্থানীয় ক্রীড়াবিদ মোস্তফা কামাল পাশা মওদুদকে। 

রাজনৈতিক দল থেকে রাখা দুইজনের মধ্যে সিদ্দিকুর রহমান পাপলু জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। এ ছাড়া মোস্তফা কামাল পাশা মওদুদ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি খেলাধুলার সঙ্গে এক সময় জড়িত ছিলেন।

অপর দিকে গত সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ সাত সদস্যের জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি ঘোষণা করে। এতে পদাধিকারবলে জেলা প্রশাসককে সভাপতি এবং স্থানীয় সংগঠক ও ক্রীড়াবিদ রেজাউল করিম নাচনকে সদস্য সচিব করা হয়। সে কমিটির সদস্য রাখা হয় আরেক স্থানীয় সংগঠক মকসুদ আহমদকে। পদাধিকারবলে অন্য সদস্যরা হলেন সিলেটের পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক ও জেলা ক্রীড়া অফিসার।

সাত সদস্যের মধ্যে সদস্য সচিব রেজাউল করিম নাচন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নগর বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক। তিনি নিজে একজন খেলোয়াড় ও দীর্ঘদিন সিলেটের ক্রীড়াঙ্গনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। অপর সদস্য মকসুদ আহমদ ছাত্রদলের সাবেক নেতা ও জেলা যুবদলের বর্তমান সাধারণ সম্পাদক। সংগঠক হিসেবেও তিনি পরিচিত। 
রেজাউল করিম নাচন সমকালকে জানান, তাদের লক্ষ্য হচ্ছে নির্বাচন দিয়ে ক্রীড়া সংস্থাকে গতিশীল করা। নতুন দায়িত্ব পাওয়ার পর তারা শিগগির বসবেন। তিন মাসের মধ্যে কমিটি করার কথা উল্লেখ করে রেজাউল করিম আরও জানান, তিনি সিলেট ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন ছাড়াও দীর্ঘদিন খেলাধুলা ও ক্রীড়া সংস্থার সঙ্গে জড়িত। কীভাবে খেলাধুলাকে এগিয়ে নেওয়া এবং নির্বাচন করা যায়, বিষয়টি তাঁর ভালো জানা আছে।

এর আগে ২০২০ সালে সর্বশেষ সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে জেলায় সাধারণ সম্পাদক হন মাহি উদ্দিন আহমদ সেলিম ও বিভাগীয় কমিটিতে সাধারণ সম্পাদক হন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। 

আরও পড়ুন

×