ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

এক গুদামে মিলল সাড়ে ১৫ হাজার লিটার তেল

এক গুদামে মিলল সাড়ে ১৫ হাজার লিটার তেল
×

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:০২

| প্রিন্ট সংস্করণ

বাগেরহাটের মোংলায় এক মুদি দোকানির গুদাম থেকে ১৫ হাজার ৬০০ লিটার সয়াবিন তেল জব্দ করেছেন কোস্টগার্ডের সদস্যরা। গোপনে তথ্য পেয়ে গতকাল শনিবার দুপুরে মোংলা পৌরসভার প্রধান বাজারে অবস্থিত মেসার্স শোভা স্টোর গুদাম থেকে এসব জব্দ করা হয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, বিপুল পরিমাণ সয়াবিন তেল চোরাচালানের মাধ্যমে মজুত করা হয়েছিল।

কোস্টগার্ড কর্মকর্তাদের ভাষ্য, মেসার্স শোভা স্টোরের মালিক সবুর তালুকদার তাঁর গুদামে বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুত করে রেখেছেন বলে গোপনে তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে পরিচালিত অভিযানে গুদামে ৭৮ ব্যারেলে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার অপরিশোধিত সয়াবিন তেল পাওয়া যায়। এসব অবৈধভাবে মজুত করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অপরিশোধিত সয়াবিন তেলের সঙ্গে নানা উপাদান মিশিয়ে বাজারজাত করে আসছিলেন ব্যবসায়ী সবুর তালুকদার। তবে তিনি এসব অস্বীকার করেন। যদিও বেশ কিছুদিন আগে তাঁর গুদামে অভিযান চালিয়ে ভোজ্যতেল জব্দ করেছিল র‍্যাব। তখন তাঁকে জরিমানাও করা হয়েছিল।

অভিযানের সময় কোস্টগার্ডের সঙ্গে পুলিশ ও এনএসআই কর্মকর্তারাও অংশ নেন। সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমী। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড সবুর তালুকদারের গুদাম থেকে চোরাচালানের মাধ্যমে আনা ৭৮ ব্যারেল অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করেছে। এই তেল পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে। এ বিষয়ে কোস্টগার্ডের পক্ষ থেকে থানায় মামলা করা হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন

×