৪০ ভরি স্বর্ণ আত্মসাৎ, কনস্টেবলসহ গ্রেপ্তার ২
ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ২২:০৯
চাঁপাইনবাবগঞ্জে ৪০ ভরি স্বর্ণ আত্মসাৎ মামলায় পুলিশের কনস্টেবল জাকির হোসেনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার জাকির হোসেন সদর পুলিশ ফাঁড়ির অধীনে অফিসার্স মেসে কর্মরত ছিলেন। স্বর্ণ আত্মসাতের অভিযোগ ওঠার পর তাঁকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তাঁর বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেবীপুর গ্রামে। গ্রেপ্তার আরেক ব্যক্তি হলেন একই উপজেলার আলমপুরের মোহাম্মদ আলী।
অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ বলেন, ৮ আগস্ট বিকেল ৩টার দিকে সদর উপজেলার কালীনগর এলাকায় অভিযানের নামে এক ব্যবসায়ীর ৪০ ভরি স্বর্ণ আত্মসাতের অভিযোগ উঠে জাকির হোসেন ও মোহাম্মদ আলীসহ তিনজনের বিরুদ্ধে। গত শনিবার সদর থানায় তাদের বিরুদ্ধে খোয়া যাওয়া স্বর্ণের মালিক ও রাজশাহীর স্বর্ণ ব্যবসায়ী নিঝুম মামলা দায়ের করেন। রাতে জাকির ও মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে পুলিশ। মোহাম্মদ আলীর কাছ থেকে সাড়ে ২০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। বাকি স্বর্ণ উদ্ধারেও তৎপরতা শুরু করেছে পুলিশ।
পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, রাজশাহী থেকে ৪০ ভরি গলানো স্বর্ণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। স্বর্ণগুলো ভারতে পাচার করা হতো বলে ধারণা পুলিশের।
- বিষয় :
- গ্রেপ্তার