টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা গুঁড়িয়ে দিল পুলিশ-বিজিবি, কিশোর উদ্ধার
দুই মানব পাচারকারীকে আটক করেছে পুলিশ ও বিজিবি। ছবি: সমকাল
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:০১
কক্সবাজারের টেকনাফে মানব পাচারবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে পাচারকারীদের প্রায় ২০টি আস্তানা গুঁড়িয়ে দিয়েছে পুলিশ ও বিজিবি। এ সময় পাচারের উদ্দেশ্যে অপহৃত ১৬ বছরের এক কিশোরকে উদ্ধার এবং দুই মানব পাচারকারীকে আটক করা হয়েছে।
রোববার রাত সাড়ে ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, শনিবার চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়ন থেকে শাহরিয়া নোমান নাঈম (১৬) নামে এক কিশোরকে পাচারের উদ্দেশ্যে ফুসলিয়ে অপহরণ করা হয়। পরে তাকে টেকনাফের রাজারছড়া এলাকায় একটি মানব পাচারকারীর আস্তানায় আটকে রাখা হয়।
খবর পেয়ে এসআই সৈকত মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি দল রাজারছড়া এলাকায় অভিযান চালিয়ে কিশোরটিকে উদ্ধার করে। এ সময় তৌহিদুল আলম (২২) ও আবু ছাদেক (২৫) নামে দুই মানব পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ এবং উদ্ধার হওয়া কিশোরের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজারছড়া ও সংলগ্ন পাহাড়ি এলাকায় মানব পাচারকারীদের বেশ কয়েকটি আস্তানার অবস্থান শনাক্ত করা হয়। পরে রোববার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পুলিশ ও টেকনাফ ২ বিজিবির সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে পাচারকারীদের প্রায় ২০টি আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়।
ওসি সাইফুল ইসলাম বলেন, আবারও মানব পাচারকারীরা সক্রিয় হয়ে উঠছে। এর অংশ হিসেবে যৌথ অভিযানে দুই দালালকে আটক করা হয়েছে। একই সঙ্গে পাচারের উদ্দেশ্যে অপহৃত এক কিশোরকে উদ্ধার করা হয়েছে। মানব পাচার রোধে সীমান্ত ও উপকূলীয় এলাকায় গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে। মানব পাচারকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
- বিষয় :
- মানবপাচারকারী গ্রেপ্তার
- বিজিবি
- পুলিশ
- উদ্ধার
- টেকনাফ