ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম

হারানো সরকারি অস্ত্রের সন্ধান দিলে গোপনে পুরস্কার দেবে র‌্যাব

হারানো সরকারি অস্ত্রের সন্ধান দিলে গোপনে পুরস্কার দেবে র‌্যাব
×

চান্দগাঁও মিডিয়া সেন্টারে মতবিনিময় সভায় বক্তব্য দেন র‌্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:০২ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:০৪

চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্রের তথ্য দিয়ে উদ্ধারে সহযোগিতা করলে গোপনে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে র‌্যাব। বাহিনীটির দাবি, চট্টগ্রামে হারানো সরকারি অস্ত্রের প্রায় ৮৪ শতাংশ ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। বাকি ১৬ শতাংশ অস্ত্র উদ্ধারে বিশেষ কার্যক্রম চালানো হচ্ছে।

সোমবার সকালে নগরের চান্দগাঁওয়ে র‌্যাব-৭-এর মিডিয়া সেন্টারে মতবিনিময় সভায় এ তথ্য জানান র‌্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত সেগুলো সমাজের জন্য ঝুঁকিপূর্ণ। কারও কাছে এমন অস্ত্র থাকলে তা র‌্যাবের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।

র‌্যাব অধিনায়ক বলেন, ‌যাদের কাছে অস্ত্র রয়েছে, তাদের সবাইকে অপরাধী হিসেবে দেখা হচ্ছে না। বিভিন্নভাবে কারও কাছে অস্ত্র চলে আসতে পারে। অনেকে অস্ত্র জমা দিলে আইনগত ঝামেলায় পড়ার আশঙ্কায় তথ্য দিতে ভয় পেতে পারেন। তাদের জন্য গোপনে তথ্য দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

তিনি বলেন, কেউ হারানো অস্ত্রের সন্ধান পেলে নিজে সেটি উদ্ধারের চেষ্টা না করে র‌্যাবকে তথ্য দিতে পারেন। র‌্যাবের সদস্যরা গিয়ে অস্ত্রটি উদ্ধার করবেন। পরিত্যক্ত অবস্থায় পাওয়া অস্ত্রও র‌্যাবের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ রয়েছে। অস্ত্রের তথ্য বা উদ্ধারে সহযোগিতার জন্য গোপনে পুরস্কার দেওয়া হবে।

মতবিনিময় সভায় সাম্প্রতিক সময়ে অপহরণের অভিযোগের অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন র‌্যাবের এই কর্মকর্তা। তিনি বলেন, গত কয়েক দিনে তিনটি অপহরণের অভিযোগে র‌্যাবের সদস্যরা দীর্ঘ সময় ধরে অভিযান চালিয়েছেন। পরে তদন্তে দেখা গেছে, এর মধ্যে একটি ঘটনায় অনলাইন জুয়ায় তিন লাখ টাকা ঋণগ্রস্ত এক ব্যক্তি পরিবারের কাছ থেকে টাকা আদায়ের জন্য নিজেই অপহৃত হওয়ার নাটক সাজিয়েছিলেন। আরেকজন বান্দরবানের লামায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন। অপর একজন পরিবারের সঙ্গে রাগ করে বাড়ি ছেড়ে যান।

জঙ্গল সলিমপুর প্রসঙ্গে র‌্যাব-৭ অধিনায়ক বলেন, এলাকাটি র‌্যাবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উদ্বেগের বিষয়। সেখানে যৌথ বাহিনীর ক্যাম্প স্থাপনের পর থেকে উল্লেখযোগ্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ড ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সেখান থেকে র‌্যাবের ক্যাম্প প্রত্যাহার করা হবে না।


 

আরও পড়ুন

×