ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

শাবিপ্রবিতে ছাত্রীকে উত্ত্যক্ত, বহিরাগত যুবক গ্রেপ্তার

শাবিপ্রবিতে ছাত্রীকে উত্ত্যক্ত, বহিরাগত যুবক গ্রেপ্তার
×

ফাইল ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:৩০

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এক ছাত্রীকে অনুসরণ করে অশালীন অঙ্গভঙ্গি ও উত্ত্যক্ত করার অভিযোগে আনারুল মিয়া (২৭) নামে এক বহিরাগত যুবককে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

আটক আনারুল নেত্রকোনা জেলার বাসিন্দা। তিনি বিশ্ববিদ্যালয়সংলগ্ন সুরমা আবাসিক এলাকায় থেকে রাজমিস্ত্রির কাজ করেন।

বিশ্ববিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী সিলেট নগরীর একটি বাসায় টিউশনি শেষে রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পৌঁছান। হলে ফেরার জন্য কোনো অটোরিকশা না পেয়ে তিনি হেঁটে রওনা হন। এ সময় আনারুল মোটরসাইকেল নিয়ে তার পিছু নেন এবং শিস দিয়ে উত্ত্যক্ত করতে থাকেন। একপর্যায়ে তিনি ছাত্রীর পথ রোধ করে অশালীন কথাবার্তা বলেন এবং তার মুঠোফোন নম্বর চান।

পরিস্থিতি বেগতিক দেখে ওই ছাত্রী মুঠোফোনে বিষয়টি সহপাঠীদের জানান। খবর পেয়ে সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আনারুলকে আটক করে প্রক্টর কার্যালয়ে নিয়ে যান। সেখানে জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার কথা স্বীকার করেন। পরে তাকে জালালাবাদ থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান বলেন, ঘটনা জানার পরপরই আমরা অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছি। ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব জানান, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা ফারুক মিয়া বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে মামলা করেছেন।

আরও পড়ুন

×