সমকাল সুহৃদ সমাবেশের ডেন্টাল ক্যাম্পেইনে সেবা পেলেন চার শতাধিক রোগী
ফরিদপুর সদর উপজেলার আলহাজ্ব এম. এ. আজিজ হাইস্কুলে সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ছবি-সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:২১
ফরিদপুর সদর উপজেলার আলহাজ্ব এম. এ. আজিজ হাইস্কুলে সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে চার শতাধিক রোগী চিকিৎসা ও পরামর্শসেবা পেয়েছেন।
ক্যাম্পে বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও স্থানীয় বাসিন্দারা বিনামূল্যে দাঁতের প্রাথমিক পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নেন। পাশাপাশি রোগীদের বিনামূল্যে টুথপেস্ট, প্রয়োজন অনুযায়ী অ্যান্টিবায়োটিক, ব্যথানাশকসহ বিভিন্ন ওষুধ দেওয়া হয়।
ক্যাম্পে চিকিৎসাসেবা দেন অর্কিড স্মাইল ডেন্টালের চিকিৎসক ডা. সোহেল রানা, ডা. ফজলে শাওন হক ও ডা. তাসলিম বিন হাসান। তারা শিক্ষার্থী ও স্থানীয়দের দাঁতের বিভিন্ন সমস্যা পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন। এ সময় দাঁতের যত্ন, পরিচর্যা ও মুখের স্বাস্থ্য ভালো রাখার বিষয়ে সচেতনতামূলক পরামর্শও দেওয়া হয়।
মুন্সিবাজার থেকে সেবা নিতে আসা ৫৫ বছর বয়সী কুলসুম খাতুন বলেন, ‘প্রায় এক মাস ধরে দাঁতের ব্যথায় ঠিকমতো ঘুমাতে পারতাম না। এখানে এসে চিকিৎসকদের পরামর্শ পেয়েছি। ডাক্তার দেখার সঙ্গে কিছু ওষুধও দিয়েছেন।’
ক্যাম্পে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সমকালের নিজস্ব প্রতিবেদক হাসানুজ্জামান, খান ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. সাকি খান, সমকাল সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক আবরাব নাদিম ইতু, প্রভাত সিং, নাজমুল হক, স্বর্ণা ইসলাম, অনিক বিশ্বাস ও শাওন আহমেদসহ সংগঠনের সদস্যরা।
সমকাল সুহৃদ সমাবেশের সাংগঠনিক সম্পাদক ওহিদুল ইসলাম বলেন, ‘দাঁতের চিকিৎসা নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন খুব বেশি দেখা যায় না। অথচ সুস্থ থাকার জন্য দাঁতের স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই চিন্তা থেকেই মানুষের মধ্যে দাঁতের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরি এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে এ ডেন্টাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।’
ডেন্টাল ক্যাম্পে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেন সুহৃদ নাজমুল হক, মার্নিম সাদিক অর্ক ও অর্ণব দাস। আয়োজনের সহযোগিতা করেন সমকাল সুহৃদ সমাবেশ ফরিদপুরের সভাপতি হারুনার রশিদ, সহসভাপতি নাজমুল ইসলাম মিরান ও অর্থ সম্পাদক শামীমা নাছরিন শিমু।
স্থানীয় সেবাগ্রহীতারা এ ধরনের আয়োজনের জন্য সমকালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে প্রতিবছর অন্তত একবার ওই এলাকায় ফ্রি ডেন্টাল ক্যাম্প আয়োজনের আহ্বান জানান তারা।
- বিষয় :
- চিকিৎসা সেবা
- ফরিদপুর