রোগীকে হাসপাতালে পৌঁছে দিয়ে ফেরার পথে প্রাণ গেল দুই যুবকের
নিহত দয়াল মিয়া (বামে) ও সজীব মিয়া
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ১০:০৬ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ১০:৫৮
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্টিলের বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে বেমালীয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের মধ্যে একজন স্পিডবোটের চালক। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
নিহত দুজন হলেন নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় গ্রামের রায়হান ভূঁইয়ার ছেলে দয়াল মিয়া এবং কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বরারচর গ্রামের হানিফ মিয়ার ছেলে সজীব মিয়া।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত নয়টার দিকে চাতলপাড় গ্রামের এক অসুস্থ রোগীকে স্পিডবোটে করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। রোগীকে হাসপাতালে পৌঁছে দিয়ে ফেরার পথে খাগালিয়া গ্রামের কাছে বেমালীয়া নদীতে বিপরীত দিক থেকে আসা একটি স্টিলের বাল্কহেডের সঙ্গে স্পিডবোটটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর স্পিডবোটে থাকা তিনজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দয়াল মিয়া ও সজীব মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম বলেন, স্পিডবোটে থাকা তিনজন আহত অবস্থায় হাসপাতালে এলে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অপর আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। দুর্ঘটনার কারণ জানতে পুলিশ কাজ করছে।
- বিষয় :
- ব্রাহ্মণবাড়িয়া
- যুবক নিহত