হাতিয়ায় তোপের মুখে এমপি হান্নান মাসউদ, হাতাহাতিতে আহত ৮
ছবি: সংগৃহীত
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৫৭ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৫৯
নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় গিয়ে তোপের মুখে পড়েছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের সঙ্গে এনসিপি নেতাকর্মীদের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনাও ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। বৃহস্পতিবার দুপুরে হাতিয়া উপজেলা পরিষদ ভবনের ফটকে এ ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্যে এমপি আবদুল হান্নান মাসউদ হাতিয়া বিএনপির নেতাকর্মীদের নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করেছেন। জেলার আইনশৃঙ্খলা কমিটির সভা এবং এনসিপির দলীয় কর্মী সমাবেশেও তিনি হাতিয়া বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে একই ধরনের বক্তব্য দেন। এ দিন দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আসার পথে পরিষদ ভবনের ফটকে হান্নান মাসউদ তার নেতাকর্মীসহ ছাত্রদল-যুবদলের নেতাকর্মীদের তোপের মুখে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফটকে ছাত্রদল-যুবদলের নেতাকর্মীদের সঙ্গে এমপি হান্নান মাসউদের লোকজনের বাগ্বিতণ্ডা হয়। এ সময় তিনিও ছাত্রদল-যুবদলের নেতাকর্মীদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে সভায় আসা বিএনপির কয়েক নেতার হস্তক্ষেপে হান্নান মাসউদকে তারা সভায় নিয়ে আসেন। সভার শেষ পর্যায়ে বাইরে এনসিপি কর্মীদের সঙ্গে ছাত্রদল-যুবদলের নেতাকর্মীদের আবারও বাগ্বিতণ্ডা শুরু হয়। এ খবর পেয়ে হান্নান মাসউদ সভায় বক্তব্য না দিয়ে বের হয়ে বাগ্বিতণ্ডায় জড়ান।
এ সময় এলোপাতাড়ি কিলঘুসিতে উপজেলা যুবশক্তির সদস্য সচিব ছাইফুল ইসলাম রাকিব এবং ছাত্রদলের নেতা আকরাম, সাকিব, সাখাওয়াত হোসেন হিরো, আজাদ ও আকরাম আহত হন। পরে উপজেলা প্রশাসন, পুলিশ ও বিএনপির নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরে প্রশাসনের সহযোগিতায় এমপি হান্নান মাসউদ তার নেতাকর্মীদের নিয়ে চলে যান।
জানতে চাইলে হাতিয়া পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ইকবাল বলেন, ‘হান্নান মাসউদ সংসদসহ বিভিন্ন জায়গায় বিএনপিকে জড়িয়ে উস্কানিমূলক মিথ্যা বক্তব্য দেন। এই কাজ তিনি প্রতিনিয়তই করছেন। আজকের ঘটনাও হান্নান মাসউদের উস্কানি ও উগ্রতার কারণে ঘটনা ঘটেছে।’
বাগ্বিতণ্ডা ও হাতাহাতির বিষয়ে কথা বলার জন্য হান্নান মাসউদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও সাড়া মেলেনি। এ বিষয়ে হাতিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক সামছুল তিবরিজ বলেন, ‘বিএনপি ইদানীং বেপরোয়া হয়ে উঠেছে। তাদের কারণে এ ঘটনা ঘটেছে।’
হাতিয়া থানার ওসি কবির হোসেন বলেন, ‘এমপি হান্নান মাসউদ সভায় প্রবেশের সময় তার সঙ্গে থাকা নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদর উদ্দেশে কটুকথা বলেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর পর সভায় হান্নান মাসউদ কড়া ভাষায় বক্তব্য দেওয়ায় উপস্থিত বিএনপি নেতাকর্মীরা হট্টগোল শুরু করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।’
- বিষয় :
- হান্নান মাসউদ