ধানখেত থেকে মৎস্যজীবী দল নেতার মরদেহ উদ্ধার
রমজান মিয়া
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ০০:৫৬
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ধানখেত থেকে রমজান মিয়া (৩৫) নামে মৎস্যজীবী দল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার সুখিয়া ইউনিয়নের ঠুটারজঙ্গল গ্রামের একটি নিমজ্জিত ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
রমজান মিয়া ওই ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি। তিনি ঠুটারজঙ্গল গ্রামের তমিজ উদ্দিনের ছেলে।
স্বজনরা জানান, শনিবার সকালে বাড়ির পাশের ধানখেতে জাল নিয়ে মাছ ধরতে যান রমজান। সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি না ফেরায় স্বজনরা তাঁকে খুঁজতে বের হন। এক পর্যায়ে ধানখেতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। খবর পেয়ে পাকুন্দিয়া থানার পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্বজনদের দাবি, রমজান মৃগী রোগে আক্রান্ত ছিলেন। মাছ ধরার সময় মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তারা।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান বলেন, রমজানের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
- বিষয় :
- কিশোরগঞ্জ
- মৎস্যজীবী
- মরদেহ উদ্ধার