ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক-সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে মিথ্যাচার চলছে: মঈন খান

ফেসবুক-সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে মিথ্যাচার চলছে: মঈন খান
×

ড. আবদুল মঈন খান

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৪:৫০

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী ক্ষমতার অপব্যবহারসহ মিথ্যাচার চালাচ্ছে। সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

শনিবার বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা হলরুমে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ, সেলাই মেশিন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, বিএনপি জবাবদিহিমূলক সরকারে বিশ্বাস করে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করেছে, কোনো ‘ভুয়া ভোটে’ নয়।

তিনি বলেন, ‘দেশে গুটিকয়েক লোক মিথ্যা ও ধোঁকাবাজির আশ্রয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সুযোগ নিয়ে মিথ্যাচার করবে, তা হতে দেওয়া যাবে না।’

মন্ত্রী আরও বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না, আইনের রাজনীতি করে। যারা আইনের অপব্যবহার করবে, তারা আইনের হাত থেকে ছাড় পাবে না।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফুলকাম বাদশা, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লাহ ও যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

আরও পড়ুন

×