ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

৫ দাবিতে শাহবাগে ছাত্র ফেডারেশনের মশাল মিছিল

৫ দাবিতে শাহবাগে ছাত্র ফেডারেশনের মশাল মিছিল
×

শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করে ছাত্র ফেডারেশন। ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ২৩:০০ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ২৩:০৯

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, নিত্যপণ্যের দাম কমানোসহ পাঁচ দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে ছাত্র ফেডারেশন ঢাকা মহানগর শাখা। আজ রোববার সন্ধ্যা ৬টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, গণশুনানি ছাড়াই জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত জনগণের ওপর বাড়তি চাপ তৈরি করেছে। এর প্রভাবে পরিবহন ব্যয়, গণপরিবহনের ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়ছে। তাই, অবিলম্বে বর্ধিত দাম প্রত্যাহার এবং ভবিষ্যতে গণশুনানির মাধ্যমে জ্বালানি ও নিত্যপণ্যের মূল্য নির্ধারণের দাবি জানান তারা।

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সৈকত আরিফ বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিও উদ্বেগজনক। হাসপাতাল ভাঙচুর, দখলবাজি ও বিভিন্ন স্থানে হামলার ঘটনায় প্রকৃত দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। একই সঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত এবং দলীয় প্রভাবমুক্ত নিয়োগের আহ্বান জানান।

ঢাকা মহানগর শাখার সভাপতি আল আমীন রহমান বলেন, জনগণের ওপর কর ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির চাপ না দিয়ে জ্বালানি খাতের শুল্ক-ভ্যাট কমানো এবং অনিয়ম-দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। রাড্ডা হাসপাতাল ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারেরও দাবি জানান তিনি।

মহানগরের সদস্য মাহমুদ হাসান বলেন, কোনো ধরনের গণশুনানি বা জনসম্পৃক্ততা ছাড়াই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। এর প্রভাব পরিবহন ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ওপর পড়ছে। তিনি জ্বালানি তেলের মূল্য নির্ধারণে গণশুনানির দাবি জানান।

মোহাম্মদপুর থানার সদস্যসচিব রিয়াজ হোসেন বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সবচেয়ে বড় চাপ পড়ছে শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের ওপর। মূল্যবৃদ্ধির যৌক্তিকতা জনগণের সামনে তুলে ধরে গণশুনানির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান তিনি। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে দখল ও অরাজকতা বন্ধে প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান।

সমাবেশ থেকে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, নিত্যপণ্যের দাম কমানো, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দখল-চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধসহ পাঁচ দফা দাবি তুলে ধরা হয়।

সমাবেশ শেষে সংক্ষিপ্ত মশাল মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি শাহবাগ এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুন

×