চা দোকানির মরদেহ মিলল ধানক্ষেতে
মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২১ | ০৩:৪৪ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২১ | ০৪:০৬
যশোরের মনিরামপুরে জালাল বিশ্বাস(৫৭) নামের এক চা দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার ঝাঁপা ইউনিয়নের খালিয়া গ্রামের একটি ধান ক্ষেত তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জালাল ওই গ্রামের মৃত আজিবর বিশ্বাসের ছেলে।
নিহতের স্ত্রী সাহিদা বেগম জানান, ফজরের নামাজের পর জালাল বিশ্বাস বাড়ি থেকে খালিয়া মোড়ে নিজের চা দোকানের উদ্দেশে রওনা হয়। সকাল আটটার দিকে খালিয়া গ্রামের আবদুল গনির ধান ক্ষেতে জালালের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (মনিরামপুর সার্কেল) সোয়েব আহম্মেদ খান, ওসি (সার্বিক) রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতলের মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় ঝাঁপা ইউপি চেয়ারম্যান শামছুল হক মন্টু জানান, এক মেয়ে সন্তানের বাবা শান্তিপ্রিয় জালাল বিশ্বাস প্রায় ২০ ধরে খালিয়া মোড়ে চায়ের দোকান নিয়ে ব্যবসা করে আসছিলেন। এলাকায় তার কোনো শত্রু আছে এটা তার জানা ছিল না।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, দুর্বৃত্তরা জালালের মাথায় আঘাত করে হত্যার পর মরদেহ ধানক্ষেতে ফেলে রেখে যায়। এ ছাড়াও লাশের মাথার অংশ মাটি দিয়ে ঢাকা ছিল। তিনি বলেন, তদন্তের পর হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
- বিষয় :
- যশোর
- মনিরামপুর
- চা দোকানিকে হত্যা