টমেটোর বাজার নিয়ন্ত্রণে নেপালের দ্বারস্থ ভারত!
প্রতীকী ছবি
শুভজিৎ পুততুন্ড, কলকাতা
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩ | ০৫:৫১ | আপডেট: ১৭ আগস্ট ২০২৩ | ০৫:৫২
টমেটোর আগুন দামে লাগাম টানতে এবার প্রতিবেশী নেপালের দ্বারস্থ হয়েছে ভারত। ভারতের অনুরোধে সাড়া দিলেও সুযোগ বুঝে ভারতের উপর বেশকিছু বাণিজ্যিক শর্ত চাপিয়েছে নেপাল। দেশটির কিছু শর্ত মেনে নেওয়ায় ইতিমধ্যেই ভারতে আসতে শুরু করেছে নেপালি টমেটো। ফলে দাম কমতে শুরু করেছে পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, দিল্লি, বিহার সহ উত্তর উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে।
সম্প্রতি ২৫০পেরিয়ে ২৬০ কিংবা ২৭০ রুপিতে মিলছে মাত্র ১কেজি টমেটো! দিল্লি থেকে মুম্বাই দেশের সর্বত্র দেখা যাচ্ছিল এই ছবি। এমন অবস্থায় বাজারের অবস্থা স্বাভাবিক করতে গত সপ্তাহে সংসদে দাঁড়িয়ে নেপাল থেকে টমেটো এনে পরিস্থিতি সামাল দেওয়ার ঘোষণা দেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
গত জুন - জুলাই মাসে
ভারতে যখন টমেটোর দাম আকাশছোঁয়া অবস্থায় পৌঁছেছিল ঠিক সে সময় উল্টো পরিস্থিতি
ছিল নেপালে। দেশটির টমেটোর বাক্স খ্যাত কাঠমান্ডু, ললিতপুর, ভক্তপুরে এত পরিমান
টমেটো চাষ হয় যা গোটা নেপালের মোট চাহিদার থেকেও বহু গুণে বেশি। ফলে প্রতিবছরই
টমেটোর প্রত্যাশিত দাম না পেয়ে বিক্ষোভে নামেন দেশটির চাষীরা। নেপালি
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চলতি বছরেও প্রায় ৬০ থেকে ৭০ হাজার কেজি টমেটো
রাস্তায় ফেলে প্রতিবাদ দেখিয়েছিলেন নেপালের চাষীরা। কারণ নেপালে কেজি প্রতি
টমেটোর বিপরীতে সেসময় ১০ রুপিও পাচ্ছিলেন না কৃষকেরা।
নেপালের অভ্যন্তরীণ
বাজারে বহুমূল্যের টমেটোর এমন ছড়াছড়ি দেখে সুযোগ খুঁজে নেয় ভারত। নেপালকে
অনুরোধ করা হয় তাদের অতিরিক্ত টমেটো যেন ভারতে রপ্তানি করা হয়। এরপরেই চলতি
সপ্তাহ ভারতকে টমেটো রপ্তানি শুরু করে নেপাল। এর ফলেই টমেটোর দামমাত্র ৫০/৬০ রুপিতে
নেমে আসে উত্তর ভারতের রাজ্যগুলিতে। যদিও দুই দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের
তরফে ঠিক কত পরিমাণ টমেটো রপ্তানি করা হয়েছে তার পরিমাণ উল্লেখ করা হয়নি। তবে নেপালি ব্যবসায়ীদের তরফে জানা গেছে,
শর্তসাপেক্ষে যে টমেটো রপ্তানি করা হয়েছে তার পরিমাণ খুব বেশি নয়।
এদিকে টমেটো রপ্তানির পরিবর্তে
ভারতের বিশাল মার্কেটে প্রবেশাধিকারের শর্ত চাপিয়েছে নেপাল। নেপালের মার্কেট
ডেভেলপমেন্ট বোর্ডের ডেপুটি ডাইরেক্টর বিনায়ক শ্রেষ্ঠা বলেন, ভারতে তারা তখনই বড় মাত্রায় রপ্তানি করবে যখন
ভারত তাদের বাজারের বড় অংশে নেপালকে সারাবছর রপ্তানির সুযোগ করে দেবে। নেপালি
কৃষি মন্ত্রকের মুখপাত্র শবনম শীবাকোটিও টমেটোর পরিবর্তে ভারতীয় মার্কেটে
বাধাহীনভাবে নেপালি পণ্যের প্রবেশাধিকারের দাবি জানান ভারত সরকারের কাছে।
প্রসঙ্গত ভারত নেপালের
সবথেকে বড় বাণিজ্যিক অংশীদার। দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় ৬০ হাজার
কোটি রুপির। এর মধ্যে নেপাল প্রতিবছর প্রায় ৫৫ হাজার কোটি রুপির পণ্য ভারত থেকে
আমদানি করে। রপ্তানি করে মাত্র ৩৫০০ কোটি রুপির পণ্য। এমন অবস্থায় দুই দেশের বাণিজ্যে
ভারসাম্য আনতে কৃষি পণ্যকেই হাতিয়ার করতে চাইছে নেপাল। যদিও ভারত বলছে নেপাল যখনই
সুযোগ পেয়েছে ভারতের পণ্য আটকাতে ভারতীয় রপ্তানি পণ্যের উপর নতুন নতুন ট্যাক্স
আরোপ করেছে।