হ্যারি ও মেগান ছেলের নাম রাখলেন আর্চি
বুধবারই প্রথমবারের মতো জনসম্মুখে হাজির করা হয় রাজশিশু আর্চি হ্যারিসন মাউন্টব্যাটেন-উইন্ডসরকে— এপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০১৯ | ১৮:১৯ | আপডেট: ০৮ মে ২০১৯ | ১৮:২৩
ব্রিটেনের ডিউক ও ডাচেস অব সাসেক্স তাদের নবজাতক ছেলের নাম রেখেছেন আর্চি হ্যারিসন মাউন্টব্যাটেন-উইন্ডসর।
প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেল বুধবার এই নামেই রাজপরিবারের নতুন অতিথিকে ক্যামেরার সামনে পরিচয় করিয়ে দেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়।
এতে বলা হয়, ছেলের নাম আর্চি হ্যারিসন মাউন্টব্যাটেন-উইন্ডসর রাখার মধ্য দিয়ে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল তাদের প্রথম সন্তানের জন্য কোনো পদবী ব্যবহার না করার সিদ্ধান্ত নিলেন।
গত সোমবার জন্মগ্রহণ করা ব্রিটিশ সিংহাসনের সপ্তম এই উত্তরাধিকারীকে বুধবারই প্রথমবারের মতো জনসম্মুখে আনা হয়। এ সময় বাবার কোলে ঘুমিয়ে ছিল সে। সাদা কম্বলে আবৃত শিশুটির মাথায় একই রঙের টুপি পরানো ছিল।

ক্যামেরার সামনে নবজাতককে পরিচয় করিয়ে দিয়ে মেগান মার্কেল বলেন, 'তার মেজাজ দারুণ এবং সে বেশ শান্ত।'
এ সময় সেখানে উপস্থিত নবজাতকের বাবা প্রিন্স হ্যারি বলেন, 'আমি জানি যা সে এটা (মেজাজ) কার কাছ থেকে পেয়েছে।'
বুধবারই প্রথমবারের মতো উইন্ডসর ক্যাসেলে রানি এলিজাবেথ ও তার স্বামী ডিউক অব এডিনবরা রাজপরিবারের নতুন অতিথিকে দেখতে যান।