পাকিস্তানের স্বাধীনতা দিবস বেলুচিস্তানের জন্য ‘কালো দিন’: নায়লা কাদরি
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২০ | ০৪:৩৭
পাকিস্তানের স্বাধীনতা দিবস মানবজাতির ইতিহাসে একটি ‘কালো দিন’। কারণ দেশটির সেনাবাহিনী এখনও হত্যা, ধর্ষণ, লুণ্ঠন ও মানুষকে ধর্মান্তরে বাধ্য করছে এবং বেলুচিস্তানের মানুষের ভূমি কেড়ে নিচ্ছে। এক ভিডিও বার্তায় পাকিস্তানের বিরুদ্ধে এসব কথা বলেছেন বেলুচিস্তান পিপলস কংগ্রেস পার্টির প্রধান নায়লা কাদরি বালুচ। খবর এএনআই ও জিনিউজের
নায়লা কাদরি বলেন, ১৪ আগস্ট সেই দিন, যেদিন নিজেদের মাতৃভূমি ভারতের প্রতি বিশ্বাসঘাতকতা করে ধর্মান্তরিত পাঞ্জাবিরা দেশকে দুই ভাগ করে ফেলে। তারা ব্রিটিশ স্বার্থ রক্ষার জন্যই এটি করেছে। কেননা বহু বছর ধরেই তারা তা করে আসছিল।
তিনি বলেন, পাঞ্জাবিরা আগে ছিল যুক্তরাষ্ট্রের উপনিবেশ, এখন তারা হয়েছে চীনের উপনিবেশ। তাদের ১৪ আগস্ট স্বাধীনতা দিবস পালনের কোনো মানে হয় না।
নায়লা কাদরি বলেন, বেলুচিস্তানকে দখল করেছে পাকিস্তান। যেহেতু পাকিস্তান স্থলবেস্টিত দেশ, তাই তাদের প্রয়োজন পড়লো বেলুচিস্তানকে দখল করা। বেলুচের জনগণের জন্য ১৪ আগস্ট একটি ভয়ানক দিন। মানব ইতিহাসে হলোকস্টের মতো একটি জঘন্য দিন এটি।
তিনি আরো বলেন, বালুচ, সিন্ধী, পশতু, কাশ্মিরী, খ্রিষ্টান ও হিন্দুরা পাকিস্তানে কারাবন্দির জীবনযাপন করে। এ দেশে স্বাধীন কেবল সেনাবাহিনী। তাই তারা একাই স্বাধীনতা দিবস পালন করে। কারণ, তাদের খুন-ধর্ষণ, লুণ্ঠন করার স্বাধীনতা আছে। তাদেরই একমাত্র ভূমি কেড়ে নেওয়ার স্বাধীনতা আছে।