ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ইসরায়েলে নির্বাচন

আরব সংখ্যাগরিষ্ঠ দলের অংশগ্রহণ বন্ধের চেষ্টায় নেতানিয়াহুর লিকুদ

আরব সংখ্যাগরিষ্ঠ দলের অংশগ্রহণ বন্ধের চেষ্টায় নেতানিয়াহুর লিকুদ
×

ইসরায়েলের পার্লামেন্টের (নেসেট) অধিবেশন। ফাইল ছবি: আনাদোলু এজেন্সি

আনাদোলু এজেন্সি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৫০ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৫৩

আগামী ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা। এর আগে আরব সংখ্যাগরিষ্ঠ দুটি দলের অংশগ্রহণে বাধা দেওয়ার চেষ্টা করছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি। 

দলটি রোববার জানিয়েছে, জয়েন্ট লিস্ট ও ইউনাইটেড আরব লিস্ট (রাম) যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য একটি আবেদন করা হবে। উভয় দলের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ তুলেছে লিকুদ।

ক্ষমতাসীনদের দাবি, ‘দল দুটি ইসরায়েলি সেনাদের হেয় করে। একইসঙ্গে তারা হামাস ও হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে মানতে অস্বীকৃতি জানিয়েছে।’ তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেওয়া হয়নি।

আসন্ন নির্বাচনে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বি হিসেবে আলোচনায় এসেছে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের দল ইয়াশার পার্টি। আরব সংখ্যাগরিষ্ঠ দল দুটিকে আইনেজকটের অংশীদার হিসেবে তুলে ধরছে লিকুদ। তাদের দাবি, সরকার গঠনের জন্য আইজেনকট বিরোধী নেতা ইয়ার গোলান ও অ্যাভিগডোর লিবারম্যানের পাশাপাশি এই দুটি দলের ওপর নির্ভর করবেন।

জনমত জরিপগুলোতে লিকুদের চেয়ে আইজেনকটের ইয়াশার পার্টি এগিয়ে আছে। ক্ষমতাসীনরা এখনো এসব জরিপে প্রয়োজনীয় ৬১টি আসন নিশ্চিত করতে পারেনি। ফলে নির্বাচনের পর সরকার গঠনের ক্ষেত্রে আরব দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

উল্লেখ্য, ইসরায়েলের আরব রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে জয়েন্ট লিস্ট গঠন হয়েছিল। পরে এই দল থেকে বেরিয়ে যায় ইউনাইটেড আরব লিস্ট (রাম)। ২০২১ সালে তারা প্রথম আরব দল হিসেবে ইসরায়েলে সরকার গঠনের জোটে যোগ দেয়।

আরও পড়ুন

×