পিটিআইর বিক্ষোভ ঘিরে অবরুদ্ধ ইসলামাবাদ
কনটেইনার দিয়ে বন্ধ করা হয়েছে প্রধান সড়ক ও প্রবেশপথগুলো। ছবি-সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:০৯ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:০৯
| প্রিন্ট সংস্করণ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কর্মী-সমর্থকদের বিক্ষোভের আগে দেশটির রাজধানী ইসলামাবাদের প্রধান সড়ক ও প্রবেশপথগুলো কনটেইনার দিয়ে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার দুই স্তরে কনটেইনার সাজিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরুদ্ধ করা হয়।
আগামী রোববার রাজধানী ইসলামাবাদ অভিমুখে বড় ধরনের পদযাত্রার ডাক দিয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির কর্মকর্তারা জানিয়েছেন, কর্মসূচিটি কয়েক দিন পর্যন্ত চলতে পারে।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা এএফপিকে জানান, ইসলামাবাদে নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ২২ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পিটিআই শাসনাধীন প্রতিবেশী খাইবার পাখতুনখোয়া প্রদেশের সঙ্গে রাজধানীর প্রবেশ ও বের হওয়ার পথও বন্ধ করে দেওয়া হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ মহাসড়ক, প্রবেশপথ ও মোড়গুলো কনটেইনার দিয়ে আটকে দেওয়ায় সড়ক যোগাযোগ প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিভিন্ন সড়কে দীর্ঘ যানজট দেখা দেয়।
কনটেইনারের ফাঁক দিয়ে মোটরসাইকেল চালকদের চলাচলের চেষ্টা করতে দেখা যায়। আগামী রোববারের বিক্ষোভ সামনে রেখে সরকারের এই আগাম পদক্ষেপ চলতি সপ্তাহের শুরুতেই জোরদার হয়। ইমরান খানের তিন বোন আলিমা খান, উজমা খান ও নরিন নিয়াজিকেও আটক করা হয়েছে। এএফপির হাতে আসা সরকারি আদেশে বলা হয়েছে, সামাজিক মাধ্যমে সমর্থকদের সংগঠিত করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগে তাদের ৩০ দিনের জন্য আটক করা হয়েছে। পাঞ্জাবের জনশৃঙ্খলা রক্ষণ অধ্যাদেশের (এমপিও) আওতায় এই আটকাদেশ দেওয়া হয়।
পরিবারের সদস্যদের আটকের অভিযোগ ইমরানপুত্রের
ইমরান খানের ছেলে সুলেমান খান অভিযোগ করেছেন, ইসলামাবাদে পিটিআইর প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচি সামনে রেখে তাঁর পরিবারের ওপর ‘লজ্জাজনক’ দমন-পীড়ন চলছে। ২৯ বছর বয়সী সুলেমান খান পশ্চিমা দেশগুলোর প্রতি পাকিস্তানের নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর দাবি, পাকিস্তানে তাঁর পরিবারের তিন সদস্যকে আটক করা হয়েছে এবং রোববারের প্রস্তাবিত বিক্ষোভের আগে তাদের ভয় দেখাতেই এসব করা হয়েছে।
মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ
পাকিস্তানের চলমান রাজনৈতিক অচলাবস্থার মধ্যে সংবাদমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ, ব্যাপক ধরপাকড় এবং মৌলিক অধিকার সীমিত করার বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বারবার উদ্বেগ জানিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বাবু রাম পান্ত বলেন, ‘ইমরান খানের পরিবার ও পিটিআইর কর্মীদের লক্ষ্য করে এ ধরনের পদক্ষেপ তাদের স্বাধীনতা, মতপ্রকাশ, এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের স্পষ্ট লঙ্ঘন।’