ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

​​​​​​​ভারতে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন

​​​​​​​ভারতে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন
×

ভারতের সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৩:৩০

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দেশটির সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের হয়েছে। পিটিশনের অভিযোগে বলা হয়েছে, অন্য দুই নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা ছাড়াই নির্বাচনী প্রক্রিয়া-সংক্রান্ত একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি জ্ঞানেশ কুমার একাই যেসব সিদ্ধান্ত নিয়েছেন, নির্দেশনা দিয়েছেন এবং সফটওয়্যারে পরিবর্তন এনেছেন, সেগুলোকে অসাংবিধানিক ও অবৈধ ঘোষণার দাবি জানানো হয়েছে পিটিশনে।

পিটিশনটি দায়ের করেছেন আইনজীবী শৈলেন্দ্র মনি ত্রিপাঠী। তিনি জ্ঞানেশ কুমারের সিদ্ধান্ত অবৈধ ও অসাংবিধানিক ঘোষণার পাশাপাশি ‘ফরম ৬’ আবার পুনর্বহালের অনুরোধও জানিয়েছেন আদালতকে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর বলছে, এগুলো ছাড়াও বিশেষ নিবিড় পর্যালোচনা (এসআইআর) এর সময় কীভাবে ১৩ কোটি ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, সে বিষয়ে বিশেষ তদন্ত দলের অনুসন্ধান দাবি করা হয়েছে পিটিশনে এবং জ্ঞানেশ কুমার, জ্যেষ্ঠ উপনির্বাচনী কমিশনার মনিশ গার্গ ও মহাপরিচালক সিমা খান্নার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

মহারাষ্ট্রেও অনুরোধ
এদিকে, নির্বাচন কমিশনের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রতিবেদন প্রকাশ হওয়ার পরে ভারতের মহারাষ্ট্রের মুম্বাই হাইকোর্টে রাজ্যে চলমান এসআইআর প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করা হয়েছে। এসআইআর প্রক্রিয়ায় যত ভোটার বাদ দেওয়া হয়েছে, তাদের আবার তালিকায় ফিরিয়ে আনা এবং রাজ্যে এই প্রক্রিয়া আপাতত বন্ধের দাবি জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার থেকেই ভারতে তোলপাড় ফেলে দিয়েছে নির্বাচন কমিশন-সংক্রান্ত ওই প্রতিবেদনটি। ইন্ডিয়ান এক্সপ্রেসের অনুসন্ধানে উঠে এসেছে, প্রধান নির্বাচন কমিশনার বাকি দুই নির্বাচন কমিশনারের মতামত না নিয়েই নানা ধরনের পদক্ষেপ নিয়েছেন অতীতে। যার কারণে তারা গত ১০ মাসে অন্তত ১৪ বার আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছেন। এর মধ্যে একবার মুখ্য সচিব বরাবরও অভিযোগ করা হয়েছে। এসব ঘটনা সামনে আসার পর ভারতের বিরোধীদলীয় নেতা কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে তাঁর পদত্যাগ দাবি করেছেন। পাশাপাশি বলেছেন, ভারতের গণতন্ত্র ধ্বংস হওয়ার বিষয়টি বসে বসে দেখবে না কংগ্রেস। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব হয়েছে প্রেশার গ্রুপ ককরোচ জনতা পার্টিও। তারা কুমারের পদত্যাগসহ তিন দাবি জানিয়েছে। এ ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়, কেজরিওয়াল এবং বাম নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

আরও পড়ুন

×