৭০ শতাংশ মানুষকে টিকা দিতে না পারলে মহামারি শেষ হবে না: ডব্লিউএইচও
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ মে ২০২১ | ০২:৫৫
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) ইউরোপীয় বিষয়ক পরিচালক সতর্ক করে বলেছেন, অন্তত ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় না আনতে পারলে করোনা মহামারির অবসান ঘটানো যাবে না।
ইউরোপে টিকা দেওয়ার গতি খুব ধীর হওয়ার প্রেক্ষাপটে শুক্রবার তিনি এ সতর্কতা উচ্চারণ করেন। খবর এএফপির
ডব্লিউএইচওর ইউরোপ বিষয়ক আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুগ এক সাক্ষাৎকারে বলেন, ন্যূনতম ৭০ শতাংশ লোককে আমরা টিকা দিতে না পারলে মহামারি শেষ হবে না।
নভেল করোনা ভাইরাসের নতুন ধরন নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, 'আমরা জেনেছি বি.১৬১৭ (ভারতীয় ধরন) বি.১১৭ (ব্রিটিশ ধরন) এর চেয়ে অনেক বেশি সংক্রামক। আগের যে কোনো ধরনের চেয়ে ভারতীয় ধরন খুব বেশি দ্রুত ছড়িয়েছে।'
টিকা দেওয়ার গতি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে হ্যান্স ক্লুগ বলেন, 'আমাদের সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে গতি। সময় আমাদের বিরুদ্ধে কাজ করছে। অথচ টিকা দেওয়ার গতি খুব ধীর। এ গতি ত্বরান্বিত করা দরকার।
এএফপির হিসাব অনুযায়ী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় অঞ্চলের ৫৩টি দেশের মোট জনসংখ্যা মাত্র ২৬ শতাংশ মানুষ টিকার প্রথম ডোজ পেয়েছে। এসব অঞ্চলের মধ্যে মধ্য এশিয়ার কিছু দেশও রয়েছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নে মোট ৩৬.৬ শতাংশ মানুষ টিকার অন্তত একটি ডোজ পেয়েছে।