জুলাই মানবতাবিরোধী অপরাধ: মাকসুদ কামাল-জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ আমলে
পলাতক পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:৪৮
জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামাল, অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক পাঁচ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
রোববার বিচারপতি গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।
প্রসিকিউশন জানায়, ২০২৪ সালের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিন শতাধিক শিক্ষার্থী আহত হন। ওই ঘটনায় আসামিদের বিরুদ্ধে তৎকালীন সরকারকে প্ররোচনা ও উসকানিমূলক বক্তব্য দেওয়া এবং হামলার পেছনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদদ দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
গত ১৬ সেপ্টেম্বর এসব অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।
মামলায় আসামি করা হয়েছে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামাল, আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন, নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির (শয়ন) ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।
আসামিদের মধ্যে এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী, আ ক ম জামাল উদ্দীন ও তানভীর হাসান সৈকত অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
পলাতক পাঁচ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।
- বিষয় :
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল