ঈদের দিন ৩০ মিনিটের ব্যবধানে ২ ইজিবাইকচালক খুন
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৩ | ১২:৪৬ | আপডেট: ২২ এপ্রিল ২০২৩ | ১২:৪৬
ঈদের দিন ভোরে ময়মনসিংহ নগরীতে ছুরিকাঘাতে দুই ইজিবাইক চালক নিহত হয়েছেন। খবর পেয়ে পু্লিশ লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করেছে পুলিশ। একই চক্র দুটি হত্যার ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার ভোরে নগীর গোহাইলকান্দি পশ্চিমপাড়া ও জুবিলিঘাট বিপিন পার্কের সামনে এসএ সরকার গলিতে দুটি রক্তাক্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। নিহতরা হলেন, সদর উপজেলার দাপুনিয়ার শশ্যমালা গ্রামের চাঁন মিয়ার ছেল সাদেক আলী (৩৫) ও একই উপজেলার চর ঘাগড়া এলাকার আক্কাস আলীর ছেলে হাবিবুর রহমান (৫১)। সাদেক ও আক্কাস দুজনেই ইজিবাইক চালাতেন।
জানা যায়, সাদেক আলী ও হাবিবুর রহমান দুজনই সারারাত ইজিবাইক চালায়। ভোর রাতের দিকে ছিনতাইকারী দলের তিন সদস্য জুবিলিঘাট বিপিন পার্কের সামনে ডিএনচক্রবর্তী রোডে হাবিবুর রহমানকে ও গোহাইলকান্দি পশ্চিমপাড়া এলাকায় সাদেক আলীকে ছুরিকাঘাতে হত্যা করে। পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। আটকরা নগরীর তিন কোনা পুকুর পাড় এলাকার বাসিন্দা। মাত্র ৩০ মিনিটের ব্যবধানকে দুটি হত্যার ঘটনা ঘটায় চক্রটি। তবে চক্রটির সদস্যদের নাম প্রকাশ করেনি পুলিশ।
নিহত সাদেক মিয়ার বড় ভাই বলেন, ‘সাদেক শুক্রবার ১২টার দিকে ইজিবাইক নিয়ে বের হয়। পরে সকালে পুলিশ আমাদের ফোন করে জানায়, গোহাইলকান্দি এলাকা থেকে সাদেকের মরদেহ উদ্ধার করেছে। যারা হত্যা করেছে তাদের কঠিন বিচার চাই।’
কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, দুটি হত্যা একই সূত্রে গাঁথা। ডিএনচক্রবর্তী রোডে প্রথমে হাবিবুর রহমানকে ও ত্রিশ মিনিটের ব্যবধানে গোহাইলকান্দি এলাকায় সাদেক আলীকেও ছুরিকাঘাতে হত্যা করা হয়। ভাড়া নিয়ে বাগবিতণ্ডার জেরে দুটি হত্যার ঘটনা ঘটায় একই চক্র। এদের সঙ্গে সবসময় ছুরি থাকে। ইজিবাইস দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- ইজিবাইকচালক খুন
- ময়মনসিংহ