ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ওটিটি লাস্ট স্টোরিজ থ্রি

ভালোবাসা-সম্পর্কের জটিল সমীকরণ

ভালোবাসা-সম্পর্কের জটিল সমীকরণ
×

‘লাস্ট স্টোরিজ থ্রি’ সিনেমায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, কঙ্কনা সেনশর্মা, রাধিকা আপ্তে ও বিজয় ভার্মা

সাইফান সানাফ

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৪০

| প্রিন্ট সংস্করণ

ভালোবাসা, ঘনিষ্ঠতা আর সম্পর্কের জটিল সমীকরণ নিয়ে নির্মিত হয়েছে নেটফ্লিক্সের জনপ্রিয় অ্যান্থলজি সিরিজ ‘লাস্ট স্টোরিজ থ্রি’। সম্প্রতি প্রকাশ হওয়া সিরিজটির তৃতীয় কিস্তির ট্রেলারে দেখা গেছে চারটি ভিন্ন গল্পের আভাস। এবারের চারটি গল্প পরিচালনা করেছেন বিক্রমাদিত্য মোতওয়ানে, কিরণ রাও, শকুন বাত্রা ও বিশাল ভরদ্বাজ। এগুলোয় অভিনয় করেছেন–অদিতি রাও হায়দরি, সিদ্ধার্থ, রাধিকা আপ্তে, কঙ্কনা সেনশর্মা, রাধিকা মাদান, আলি ফজল, বিজয় ভার্মা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, গুরফতেহ পিরজাদা ও সানা থাম্পি। ট্রেলারের শুরুতে অদিতি রাও হায়দরির চরিত্রকে নারীর আকাঙ্ক্ষা নিয়ে কথা বলতে দেখা যায়। তাঁর সংলাপে স্পষ্ট হয়, এবারের গল্পে নারীর ইচ্ছা ও অনুভূতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সিদ্ধার্থ ও অদিতির গল্পে রয়েছে দাম্পত্য জীবনের টানাপোড়েন। অন্যদিকে আলি ফজল ও রাধিকা মাদানের চরিত্রের সম্পর্কও ভাঙনের মুখে। কঙ্কনা সেনশর্মা ও রাধিকা আপ্তের গল্পে রয়েছে দুই সহকর্মীর বন্ধুত্ব, সম্পর্ক নিয়ে আলোচনা ও পরামর্শের মধ্যে তৈরি হওয়া নানা 
মজার পরিস্থিতি। গুরফতেহ পিরজাদা ও সানা থাম্পির চরিত্রে দেখা যায় নতুন প্রেমের সূচনা। বিজয় ভার্মা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দেখা গেছে। শেষ মুহূর্তে অক্ষয় কুমারকে ঘিরে তৈরি একটি জনপ্রিয় মিমের ইঙ্গিতও রাখা হয়েছে।
চার পরিচালকের গল্পের ধরন আলাদা। বিক্রমাদিত্য মোতওয়ানে দেখিয়েছেন পরিচিত জীবনে অপ্রত্যাশিত আকর্ষণের আগমন। কিরণ রাওয়ের গল্পে আকর্ষণ থেকে জন্ম নেওয়া কৌতূহল ও সিদ্ধান্তের পরিণতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শকুন বাত্রা তুলে ধরেছেন ভালোবাসা, নিরাপত্তাহীনতা, আকর্ষণ ও হতাশার জটিল সম্পর্ক। বিশাল ভরদ্বাজের গল্পে রয়েছে আকাঙ্ক্ষা, কল্পনা, আত্মপরিচয় ও নিজের কথা বলার সাহস। 
২০১৮ সালে শুরু হয়েছিল ‘লাস্ট স্টোরিজ’-এর যাত্রা। 
২০২৩ সালে আসে দ্বিতীয় কিস্তি। এবার তৃতীয় কিস্তিতে চার পরিচালকের চার গল্পে আকাঙ্ক্ষার পাশাপাশি উঠে আসবে দাম্পত্য সংকট, নতুন প্রেম, আত্মপরিচয় এবং না-বলা অনুভূতির নানা দিক। ‘লাস্ট স্টোরিজ থ্রি’ আগামীকাল শুক্রবার থেকে দেখা যাবে শুধু নেটফ্লিক্সে। 

আরও পড়ুন

×