ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ইউরেনিয়াম পরিবহনে সতর্কতা জরুরি

ইউরেনিয়াম পরিবহনে সতর্কতা জরুরি
×

সম্পাদকীয়

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩ | ১৮:০০

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম রডের প্রথম চালান সেপ্টেম্বর নাগাদ দেশে আসিতেছে। আগামী বৎসর অত্যাধুনিক বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে আসিলে আশা করা যাইতেছে যে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হইবে। ইহার ফলে গতিশীল হইবে অর্থনীতি। কাজেই বিদ্যুৎকেন্দ্রটির অগ্রগতি শুভবার্তা প্রদান করিতেছে। আশঙ্কার বিষয়, ইউরেনিয়াম রড উচ্চমাত্রার তেজস্ক্রিয় পদার্থ। ইহার পরিবহন ও সংরক্ষণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

 শনিবার সমকালে প্রকাশিত সংবাদে বলা হইয়াছে, রাশিয়া হইতে বিশেষ বিমানে এই তেজস্ক্রিয় জ্বালানি ঢাকা আনিবার পর কড়া নিরাপত্তা ও গোপনীয়তায় সড়কপথে পাবনার রূপপুরের প্রকল্প স্থানে পৌঁছানো হইবে। দেশে পরিবহন ও সংরক্ষণের সময় দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের জন্য বীমা করা হইতেছে না। আন্তর্জাতিক কনভেনশন ও বাংলাদেশ অ্যাটমিক এনার্জি রেগুলেটরি আইন অনুসারে পারমাণবিক স্থাপনা ও পারমাণবিক জ্বালানি সম্পর্কিত দুর্ঘটনার ক্ষতির দায় সম্পূর্ণরূপে অপারেটর বা লাইসেন্সির হইলেও এই দায় লইতেছে সরকার। বীমা করিলে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িবে। এই কারণে সেই পথে না হাঁটিয়া সরাসরি সরকার দায় লইতেছে।

৯০ শতাংশ বিদেশি ঋণনির্ভর বিদ্যুৎকেন্দ্রটিকে ২৮ বছর ধরিয়া সুদাসল পরিশোধ করিতে হইবে। হয়তো জনস্বার্থ বিবেচনা করিয়া ইহার সহিত বীমার কিস্তির খরচ বাড়াইতে চায় নাই সরকার। যদি দুর্ঘটনা ঘটিয়া যায় তাহা হইলে বীমা প্রতিষ্ঠান বা সরকার যাহারাই আর্থিক ক্ষতিপূরণ দিক না কেন, পরিবেশ-প্রতিবেশের যে ভয়াবহ ক্ষতি হইয়া যাইবে, তাহা পূরণ হইবার নহে।

ইউরেনিয়াম রড বৈজ্ঞানিক পন্থায় সতর্কতার সহিত পরিবহন করিতে হয়। এই ক্ষেত্রে আন্তর্জাতিক স্বীকৃত নির্দেশনা শতভাগ অনুসরণ করিবার বিকল্প নাই। ইহা কোনো কারণে উন্মুক্ত হইলে বৃহৎ দুর্ঘটনার কারণ হইয়া দাঁড়াইবে। প্রাণহানির পাশাপাশি পরিবেশ-প্রতিবেশের উপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলিবে। জাপানের হিরোশিমা-নাগাসাকিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার প্রভাব এখনও রহিয়া গিয়াছে। কাজেই এই তেজস্ক্রিয় জ্বালানি পরিবহনে বিন্দু পরিমাণ আপস করিবার অবকাশ নাই। বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে আসিবার পরও দফায় দফায় জ্বালানি আনিতে হইবে। তাই স্থায়ী নিরাপত্তার জন্য বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা লওয়া যাইতে পারে।

আরও পড়ুন

×