ঢাকা-লন্ডন রুটে অবিলম্বে সব ফ্লাইট বন্ধ করুন: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ফাইল ফটো
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২০ | ০৭:২৭
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনাভাইরাসের গতি মারাত্মক রূপ ধারণ করেছে। প্রতিদিন আক্রান্ত ও মৃত্যু সংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে। তাই অবিলম্বে ঢাকা-লন্ডন রুটে দেশি-বিদেশি এয়ারলাইন্সের সব ফ্লাইট বন্ধ করুন।
বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাজ্যে করোনা বহুগুণ শক্তিশালী হয়ে আঘাত হানছে, সেখানকার পরিস্থিতি গভীর উদ্বেগজনক। এ কারণে লন্ডনের সঙ্গে অন্যান্য দেশ প্লেন চলাচল বন্ধ করে দিয়েছে। কিন্তু ঢাকা-লন্ডনে দেশি-বিদেশি এয়ারলাইন্সের প্লেন চালু রয়েছে। এটি বর্তমান গণবিরোধী সরকারের ধারাবাহিক অমানবিক ও বিবেকবর্জিত কর্মকাণ্ডেরই অংশ।
গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশ সরকার করোনা আক্রমণের শুরু থেকেই সম্পূর্ণরুপে ভ্রুক্ষেপহীন থেকেছে। যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেনি বলেই এদেশের অসংখ্য মানুষ মৃত্যুবরণ করছে এবং বিপুল সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগ্রাম করছে।
তিনি বলেন, বাংলাদেশে করোনার আঘাত হানার শুরু থেকেই তা মোকাবিলায় সরকার কোন উদ্যোগ গ্রহণ করেনি। আইসিইউ বেড, অক্সিজেন এবং ভেন্টিলেটরসহ করোনা সংশ্নিষ্ট অন্যান্য মেডিকেল সরঞ্জামাদির অভাবে আক্রান্ত মানুষ ভয়ানক কষ্ট পাচ্ছে, বিনা চিকিৎসায় মৃত্যুকে আলিঙ্গন করতে হচ্ছে। দীর্ঘ দশ মাসেও সরকার করোনা মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দেশের মানুষের জীবনের কোনো মূল্য নেই এই সরকারের কাছে। তাই যুক্তরাজ্যে কভিড-১৯ এখন মারাত্মক রূপ নিয়ে আবির্ভূত হওয়ার ফলে দেশটির সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশ ফ্লাইট বাতিল ঘোষণা করলেও বাংলাদেশ সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-লন্ডন ফ্লাইটসহ বিদেশি এয়ারলাইন্সের যেগুলো লন্ডন থেকে ঢাকায় আসে সেগুলোও বন্ধ করেনি। সুতরাং দেশের মানুষের এক ভয়ঙ্কর স্বাস্থ্য ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে। যা অত্যন্ত উদ্বেগজনক।
অপর এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে চিরদিনের জন্য কবর দিতে চায় বর্তমান ভোটারবিহীন সরকার। এ জন্য গণমাধ্যমের স্বরকে নিস্তব্ধ করতে সংবাদমাধ্যমকে আক্রমণ করছে। দৈনিক দিনকাল পত্রিকার লাকসাম প্রতিনিধি মনির আহমেদের ওপর হামলা ও হত্যার হুমকির ঘটনায় তিনি এ বিবৃতি দেন। এ সময় বিএনপি মহাসচিব সাংবাদিকদের ওপর জুলুম-নির্যাতন বন্ধ করে মহান স্বাধীনতার প্রকৃত চেতনা গণতন্ত্র এবং স্বাধীন মতপ্রকাশের স্বাধীনতাকে ফিরিয়ে দেওয়ার আহবান জানান।