দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি বাম জোটের
ফাইল ফটো
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪ | ১৬:৫০
চালের দামের ঊর্ধ্বগতিতে ক্ষোভ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। একইসঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও সিন্ডিকেট ভাঙা, রাষ্ট্রীয় উদ্যোগে নিত্যপণ্যের বাফার স্টক গড়ে তোলা, সারাদেশে বিকল্প বাজারব্যবস্থা গড়ে তোলা, রেশনিং ও পর্যাপ্ত ন্যায্যমূল্যের দোকান চালুর দাবি জানিয়েছে বামপন্থি দলগুলোর জোটটি।
মঙ্গলবার বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। এতে বলা হয়, ব্যবসায়ী সিন্ডিকেট বিভিন্ন সময়ে হঠাৎ অযৌক্তিকভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে জনগণের পকেট কেটে নিয়ে যায়। তখন সরকার লোক দেখানো কিছু পদক্ষেপ নিলেও সমস্যার কোনো সমাধান হয় না।
বিবৃতিতে বলা হয়, এ অবস্থার পরিবর্তন করতে গেলে পুরো ব্যবস্থারই পরিবর্তন করতে হবে। মুক্তবাজারের নামে লুটপাটের অর্থনীতি বহাল রেখে এই অবস্থার পরিবর্তন করা যাবে না।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় পরিচালনা পরিষদেও সদস্য মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, মাসুদ রানা, মোশরেফা মিশু এবং আব্দুল আলী।
এদিকে বর্তমান পরিস্থিতি ও করণীয় সম্পর্কে বাম গণতান্ত্রিক জোটের বক্তব্য তুলে ধরতে বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সিপিবি’র উদ্বেগ: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স পৃথক বিবৃতিতে চালসহ নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে উদ্বেগ জানিয়েছেন। নেতারা বলেছেন, বাজারের ওপর মুনাফালোভীদের একচেটিয়া নিয়ন্ত্রণ খর্ব না করা গেলে এবং ‘অবাধ খোলাবাজার অর্থনীতির’ দর্শন ও ‘মার্কেট ফান্ডামেন্টালিজম’ এর নীতি থেকে বের হয়ে না আসতে পারলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাবে না।
- বিষয় :
- দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ