ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বাম জোট নেতারা বললেন

মুক্তবাজার নীতি দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হবে না

মুক্তবাজার নীতি দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হবে না
×

সভায় বাম জোটের নেতারা। ছবি: সমকাল

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৪ | ২০:৫১

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামের লাগামহীন ঊর্ধ্বগতি এবং ধাপে ধাপে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। নেতারা বলেছেন, সরকার মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে প্রচারমূলক কিছু পদক্ষেপ নিলেও মুক্তবাজারের ধারা ও সিন্ডিকেট তোষণনীতি অব্যাহত রাখায় এর বাস্তবায়ন হবে না। মুক্তবাজার অর্থনৈতিক ব্যবস্থার নীতি পরিবর্তন ছাড়া মূল্যবৃদ্ধি ঠেকানোও যাবে না। জনগণকেও স্বস্তি দেওয়া যাবে না।

বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় নেতারা এসব কথা বলেন। বাম জোটের সমন্বয়ক ও সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতা শহিদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী প্রমুখ।

নেতারা পাচার করা টাকা ফেরত আনা ও খেলাপি ঋণ আদায়ে পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ ও উদ্বেগ জানিয়ে বলেন, চলমান দুঃশাসনের অবসান ঘটিয়ে শাসন ব্যবস্থার পরিবর্তন করা ছাড়া এসব লুটেরাদের পরাস্ত করা যাবে না। এ জন্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের দাবিতে লড়াই-সংগ্রাম গড়ে তুলতে হবে।

সভায় বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, সব কৃষি উপকরণের দাম কমানো ও প্রকৃত কৃষকের কাছে সরাসরি সরবরাহ করা, উৎপাদক ও ক্রেতা সমবায় গড়ে তোলা এবং সর্বজনীন রেশন ব্যবস্থা ও সারাদেশে ন্যায্যমূল্যের দোকান প্রতিষ্ঠার দাবি জানানো হয়।
 

আরও পড়ুন

×