ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পোস্টাল ভোটের নিবন্ধন রোববার থেকে

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন

পোস্টাল ভোটের নিবন্ধন রোববার থেকে
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৫৯

| প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ইচ্ছুক সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের নিবন্ধন কার্যক্রম আগামী রোববার শুরু হবে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, এ নিবন্ধন কার্যক্রম চলবে ৮ অক্টোবর পর্যন্ত।
গতকাল বুধবার ইসির পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা আব্দুল মমিন সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। এতে আরও বলা হয়, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটদানে ইচ্ছুক সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে।
এর আগে গত ১২ সেপ্টেম্বর প্রবাসী ভোটার নিবন্ধনবিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানিয়েছিলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট দিতে ইচ্ছুক প্রবাসী ভোটারা ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে ১২ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন। এখন দেশের অভ্যন্তরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ (আইসিপিভি) ক্যাটেগরিতে নিবন্ধন শুরু হলো।

ফের ভোটার স্থানান্তর কার্যক্রম চালু 
নভেম্বর মাসে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়ে গত ১০ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তর কার্যক্রম বন্ধ রেখেছিল নির্বাচন কমিশন (ইসি)। তবে স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে যাওয়ায় ফের এ কার্যক্রম চালু করার সিদ্ধান্ত দিয়েছে সংস্থাটি।
গতকাল বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এ-সংক্রান্ত এক চিঠি থেকে এই তথ্য জানা যায়। চিঠিতে বলা হয়েছে, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তর-সংক্রান্ত আবেদন গত ১০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তির জন্য গত ২ সেপ্টেম্বর চিঠির মাধ্যমে মাঠপর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছিল। মাঠপর্যায়ের কার্যালয়ে ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় চালু করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

আরও পড়ুন

×