সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন হওয়া উচিত: অধ্যাপক রেহমান সোবহান
অধ্যাপক রেহমান সোবহান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১ | ১০:২৫ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২১ | ১০:২৫
বাংলাদেশ মহিলা পরিষদের ত্রয়োদশ জাতীয় সম্মেলনে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, নারীর ক্ষমতায়নে সংসদের আসন ৪৫০টি হওয়া উচিত। এতে ১৫০টি আসন নারীর জন্য সংরক্ষিত থাকবে। যেখানে প্রতিযোগিতামূলক নির্বাচনের মাধ্যমে নারীরা নির্বাচিত হবেন।
বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি আরও বলেন, সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীদের নির্বাচিত হতে না পারা অন্যতম একটি সমস্যা। এ বিষয়ে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ও বিএনপি নেত্রী খালেদা জিয়াকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে যে তারা সংরক্ষিত আসনে নির্বাচন দেবেন। মহিলা পরিষদকে জোরালো ভূমিকা পালন করতে হবে। সামনের দিনগুলোতে এ বিষয়ে জোর প্রচারণা চালাতে পারেন তারা। বাংলাদেশের অর্থনীতিতে নারীরা এখন অনেক বেশি সক্রিয় ভূমিকা পালন করছেন।
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী মহিলা পরিষদকে শুভেচ্ছা জানিয়ে একটি লিখিত বক্তব্য দেন। পরিষদের সহসভাপতি রেখা চৌধুরী তা পড়ে শোনান। লিখিত বক্তব্যে শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশে অগ্রগতির ধারায় নারীর উল্লেখযোগ্য অবদান রয়েছে। নারীর এই উন্নয়নের পেছনে সরকারের পাশাপাশি আন্তর্জাতিক উদ্যোগ এবং নারী সমাজের গৃহীত ভূমিকাও আছে। নারীর মর্যাদা ও সমমর্যাদা প্রতিষ্ঠায় মহিলা পরিষদ কাজ করে যাচ্ছে।
অনলাইনে যুক্ত হয়ে বাংলাদেশে অবস্থিত সুইডেন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ক্রিস্টিন জোহানসন বলেন, বাংলাদেশে লিঙ্গবৈষম্যের ব্যবধান অনেক বেশি। নারী অধিকার প্রতিষ্ঠান এখানে অনেক চ্যালেঞ্জের। মহিলা পরিষদ সেই অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। তবে এ দেশে লক্ষ্য করার মতো কিছু উন্নতিও আছে।
এ সময় মহিলা পরিষদকে ধন্যবাদ জানান প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলাম। তিনি বলেন, পেশাগত কাজে সচিবালয়ে গিয়ে হেনস্তার শিকারসহ কারাগারে থাকার সময় মহিলা পরিষদ যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, তাতে আমি কৃতজ্ঞ।
সকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয়। মহিলা পরিষদের যুগ্ম আহ্বায়ক উম্মে সালমা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক মালেকা বানু, সহসভাপতি মাখদুমা নার্গিস, যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম প্রমুখ। দু'দিনব্যাপী এ সম্মেলনে প্রথম অধিবেশন শেষে একটি শোভাযাত্রার আয়োজন করে মহিলা পরিষদ। শুক্রবার নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় পরিষদ সম্মেলন শেষ হবে।