সোনামসজিদ স্থলবন্দরে পুড়ল ভারতীয় ট্রাক
ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২২ | ০৭:০৮ | আপডেট: ১৩ জুলাই ২০২২ | ০৭:০৮
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরের ভেতরে আগুন লাগার খবর পাওয়া গেছে। বুধবার (১৩ জুলাই) বিকেল ৪টার দিকে সোনামসজিদ স্থলবন্দরের ভেতরে ভারতীয় একটি পণ্যবাহী ট্রাকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় পাশের একটি ভারতীয় গমভর্তি ট্রাকে এবং অপর একটি বাংলাদেশি ট্রাকেও আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বন্দর কর্তৃপক্ষের সহায়তায় শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে এ সংবাদ লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস কর্মীরা।
বন্দরে কর্মরত একজন কর্মকর্তা জানান, ভারত থেকে আমদানিকৃত ব্লিচিং পাউডারের ভারতীয় ট্রাকে আগুনের সূত্রপাত ঘটে এবং তাৎক্ষণিকভাবে পাশের আরও দুটি ট্রাকে আগুন ছড়িয়ে যেতে থাকলে শ্রমিকদের মাধ্যমে অন্য ট্রাকগুলোর আগুন ছড়ানো থেকে রক্ষা করার চেষ্টা করা হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়ে পাশের ট্রাক ২টির আগুন নিয়ন্ত্রনে আনে।
এই ব্যাপারে পানামা পোর্ট লিংক লিমিটেডের ফটো ম্যানেজার মইনুল ইসলাম জানান, আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে। তিনি শুধু একটি ট্রাক আগুনে ক্ষতিগ্রস্ত হবার সত্যতা নিশ্চিত করেন।
শিবগঞ্জ ফায়ার সাভিস কাযালয়ের ফায়ার ম্যান কাদেরী কিবরিয়া জানান, ভারতীয় ব্লিচিং পাউডারের একটি ট্রাক পুরোপুরি পুড়ে গেছে, ভারতীয় এবং বাংলাদেশি একটি করে ট্রাক আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের সূত্রপাত প্রসঙ্গে তিনি বলেন, বন্দরে খোলা আকাশের নিচে রোদের তাপে আগুনের সূত্রপাত হলে দাহ্য পদার্থ হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।