ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে সওজ প্রকৌশলী নিহত

নওগাঁয় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে সওজ প্রকৌশলী নিহত
×

মো. রাশেদুজ্জামান। ছবি: সংগৃহীত

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ১০:৩৪

নওগাঁয় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. রাশেদুজ্জামান নিহত হয়েছেন। এ ঘটনায় তার সাত বছর বয়সী মেয়ে গুরুতর আহত হয়েছে।

শনিবার রাত ৯টার দিকে সদর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের হাপানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুজ্জামান নওগাঁর মহাদেবপুর-পত্নীতলা সাব-ডিভিশন অফিসে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে স্ত্রী ও মেয়েকে নিয়ে নওগাঁ শহর থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে মহাদেবপুর যাচ্ছিলেন রাশেদুজ্জামান। হাপানিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাশেদুজ্জামান মারা যান। তার সাত বছর বয়সী মেয়ে রুমাইসা জামান গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নওগাঁ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ বলেন, রাশেদুজ্জামান আমার একজন দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন। তার এভাবে চলে যাওয়া অত্যন্ত কষ্টদায়ক। তার স্ত্রী সুস্থ আছেন। তবে তার ছোট মেয়ে রুমাইসা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াও চলমান রয়েছে।
 

আরও পড়ুন

×