বিক্ষোভ মিছিলে গিয়ে জামায়াত কর্মীর মৃত্যু
প্রতীকী ছবি
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:২১
সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে দুলাল হোসেন রোকনি (৬০) নামে এক কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যার পর শহরে জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল চলাকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার দুপুরে সদর উপজেলার সায়দাবাদ মোড়ে হাটিকুমরুলের লং মার্চের পথসভায় যাওয়ার পথে জামায়াত নেতা আব্দুস সবুর শেখকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যার পর শহরে বিক্ষোভ মিছিল করে জেলা জামায়াত।
মিছিলটি এসএস রোডের মাহবুব শপিং কমপ্লেক্সের সামনে পৌঁছালে অংশ নেওয়া দুলাল হোসেন রোকনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে আভিসেনা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুলাল হোসেন সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের গোনরগাঁতী গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে। তিনি বানিয়াপট্টির চাল ব্যবসায়ী ছিলেন।
আভিসেনা হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ও সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সাবেক সিনিয়র কনসালটেন্ট ডা. ওসমান গনি শামীম এবং জেলা জামায়াতের মুখপাত্র ও সহকারী সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, শনিবার রাতে মিছিলে গিয়ে স্ট্রোক করে এক জামায়াত কর্মী নিহত হওয়ার খবর পেয়েছি। তার আগে থেকেই শারীরিক সমস্যা ছিল। জোরে জোরে হাঁটাহাঁটি করা ঠিক হয়নি। দলের পক্ষ থেকেও এটিকে স্বাভাবিক মৃত্যু বলা হয়েছে।
- বিষয় :
- জামায়াতে ইসলামী
- বিক্ষোভ মিছিল
- মৃত্যু
- সিরাজগঞ্জ