ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সবজির চার পদ

সবজির চার পদ
×

কোহিনূর বেগম

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৩৪

| প্রিন্ট সংস্করণ

ভ্যাপসা গরমে পোশাক-আশাকের সঙ্গে খাওয়া-দাওয়ায় চাই একটু স্বস্তি। এ সময় ভারী ও মসলাদার খাবারের বদলে হালকা, সহজপাচ্য ও স্বাদে বৈচিত্র্য আছে–এমন পদই বেশি ভালো লাগে। বাজারে এখন যেসব সবজি পাওয়া যাচ্ছে তা দিয়ে সহজে তৈরি করতে পারেন আবার ঝামেলাও কম–এমন চার পদের রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী কোহিনূর বেগম

সরিষা ঢ্যাঁড়শ 
উপকরণ: ঢ্যাঁড়স ২০০ গ্রাম, হলুদ, ধনিয়া, জিরার গুঁড়া এক চা চামচ, আদা, রসুন,  পেঁয়াজ, সরিষা বাটা, কাঁচামরিচ এক চা চামচ করে, কালোজিরা এক চিমটি, লবণ প্রয়োজন অনুযায়ী, সরিষার তেল দুই টেবিল চামচ। 
প্রস্তুত প্রণালি: ঢ্যাঁড়শ ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন। কড়াইয়ে তেল গরম হলে কালোজিরার ফোড়ন দিয়ে সব উপকরণ ঢেলে কষিয়ে সামান্য পানি দিন। এবার ঢ্যাঁড়শগুলো দিয়ে আরেকটু কষিয়ে নিন। মসলার মধ্যে কষাতে কষাতে ঢ্যাঁড়শ সেদ্ধ হয়ে যায়। তেল ভেসে উঠলে চুলা বন্ধ করে দিন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

পাঁচমিশালির  সবজির ফোড়ন 
উপকরণ: পাঁচ রকমের সবজি যেমন– পেঁপে, মিষ্টিকুমড়া, পটোল, ধুন্দল, চিচিঙ্গা সব মিলে ২৫০ গ্রাম, আদা, রসুন বাটা এক চা চামচ করে, হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া এক চা চামচ, পাঁচফোড়ন এক চা চামচ, পেঁয়াজ, রসুন কুচি এক টেবিল চামচ, কাঁচামরিচ পাঁচ-ছয়টি, শুকনা মরিচ দুটি, লবণ স্বাদমতো, তেল দুই টেবিল চামচ।
প্রস্তুত প্রণালি: সবজিগুলো সাইজ করে কেটে ধুয়ে গরম পানিতে ভাপিয়ে পানি ঝরিয়ে নেবেন। কড়াইয়ে তেল গরম হলে পাঁচফোড়ন দিয়ে সঙ্গে সব উপকরণ দিয়ে কষিয়ে নিন। এবার সবজিগুলো দিয়ে কষিয়ে নিয়ে ঢেকে রাখুন ৫ মিনিট। ঢাকনা খুলে চুলা বন্ধ করে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

পোস্ত চিচিঙ্গা  
উপকরণ: চিচিঙ্গা ২০০ গ্রাম, আদা, রসুন, পোস্ত, বাদাম, কাঁচামরিচ, পেঁয়াজ বাটা এক চা চামচ করে, হলুদ, ধনিয়া, জিরার গুঁড়া হাফ চা চামচ করে, কালোজিরা এক চিমটি, সরিষার তেল দুই টেবিল চামচ। 
প্রস্তুত প্রণালি: চিচিঙ্গাগুলো সাইজ করে কেটে ধুয়ে গরম পানিতে হালকা ভাপিয়ে পানি ঝরিয়ে নিন। কড়াইয়ে তেল গরম হলে কালোজিরার ফোড়ন দিয়ে সব উপকরণ ঢেলে কষিয়ে নিন। এবার চিচিঙ্গাগুলো দিয়ে ভালো করে কষিয়ে হালকা জ্বালে ঢেকে রাখুন ৫ মিনিট। মসলাগুলো মাখামাখা হয়ে তেল ভেসে উঠলে চুলা বন্ধ করে গরম গরম পরিবেশন করুন।

দই-পটোল নিরামিষ 
উপকরণ: পটোল ২০০ গ্রাম, আদা, রসুন, পেঁয়াজ, সরিষা, বাদাম, পোস্ত বাটা এক চা চামচ করে, হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া এক চা চামচ করে, ফ্যাটানো দই হাফ কাপ, কালোজিরা এক চিমটি, সরিষার তেল হাফ কাপ, লবণ ও চিনি স্বাদমতো। 
প্রস্তুত প্রণালি: পটোলগুলো হালকা ছিলে ধুয়ে হলুদ-লবণ মাখিয়ে তেলে ভেজে নেবেন। এবার কড়াইয়ে তেল গরম হলে সব উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। ভাজা পটোলগুলো দিয়ে আরও ভালো করে কষিয়ে মৃদু আঁচে ৫ মিনিট ঢেকে রাখবেন। ঢাকনা খুলে তেল ভেসে উঠলে চুলা বন্ধ করে দেবেন। এই দই-পটোল গরম গরম ভাত, পোলাও, পরোটা দিয়ে খেতে খুবই স্বাদ লাগে।

আরও পড়ুন

×