ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

গাছের যত্নে যে ভুল নয়

গাছের যত্নে যে ভুল নয়
×

আফরিনা আক্তার 

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৪১

| প্রিন্ট সংস্করণ

বর্তমানে ব্যস্ত জীবনের অনন্য সঙ্গী হয়ে উঠেছে ঘরে বাগান করা। তবে উপযুক্ত পরিচর্যা ও যত্নের কিছু ত্রুটির কারণে প্রায়ই দেখা যায়, পছন্দের গাছের পাতা হলুদ হয়ে গেছে, গাছ নুইয়ে পড়েছে কিংবা গোড়া পচে গেছে। চলুন জেনে নেওয়া যাক গাছের যত্নে করা কয়েকটি সাধারণ ভুল সম্পর্কে।

সঠিক টব নির্বাচন না করা
যেসব গাছের কাণ্ড রসালো নয়, তাদের জন্য খুব ছোট টব গাছের বৃদ্ধি ব্যাহত করতে পারে। এতে শিকড়ের বিস্তার বাধাগ্রস্ত হয় এবং গাছের পানি ও পুষ্টি গ্রহণেও সমস্যা হতে পারে। অন্যদিকে, ছোট গাছের জন্য অতিরিক্ত বড় টব নির্বাচন করলে বেশি মাটি ও পানি জমে থাকার কারণে শিকড় পচে যেতে পারে। বাহারি ইনডোর প্লান্ট, বনসাই বা মাঝারি আকারের টেবিল প্লান্টের জন্য সিরামিক বা চিনামাটির টব নির্বাচন করা যায়। ক্যাকটাস, সাকুলেন্ট, মানি প্লান্ট, অ্যালোভেরা এবং অতিরিক্ত পানি পছন্দ করে না এমন ইনডোর প্লান্টের জন্য মাটির টব কার্যকর। ফার্ন, ক্যালাথিয়া, স্পাইডার প্লান্ট এবং যেসব গাছ আর্দ্র মাটি পছন্দ করে, তাদের জন্য প্লাস্টিকের টবও ব্যবহার করা যায়।

পানি নিষ্কাশন উপেক্ষা করা
গাছের টবে পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা জরুরি। এতে অতিরিক্ত পানি বের হয়ে যেতে পারে এবং শিকড় সুস্থ থাকে।

সময়সূচি অনুযায়ী পানি দেওয়া
গাছের প্রয়োজন বুঝে উপযুক্ত পরিমাণ পানি দিতে হবে। অতিরিক্ত পানি দিলে গাছের শিকড় পচে যেতে পারে। আবার প্রতিটি প্রজাতির গাছের পানির চাহিদাও ভিন্ন। যেমন সাকুলেন্ট ও ক্যাকটাস তুলনামূলক শুষ্ক পরিবেশ পছন্দ করে। তাই এদের বেশি পানি প্রয়োজন হয় না। অন্যদিকে, ফার্ন জাতীয় উদ্ভিদ আর্দ্রতা পছন্দ করে। তাই এদের তুলনামূলক বেশি পানি প্রয়োজন হতে পারে।

আলোর অব্যবস্থাপনা
কিছু গাছ তীব্র আলোয় নেতিয়ে পড়ে। সরাসরি সূর্যালোক এ ধরনের গাছের পাতায় দাগ বা পোড়া ভাব তৈরি করতে পারে এবং গাছের ক্ষতি করতে পারে। পাতা ঝলসে যাওয়া, ফ্যাকাশে হয়ে যাওয়া বা গাছ দুর্বল হয়ে পড়া রোধ করতে গাছের প্রয়োজন অনুযায়ী আলোর ব্যবস্থা করতে হবে। পূর্ণ আলো পছন্দ করে এমন গাছগুলোকে জানালার ধারে রাখা যায়। অন্যদিকে, জেড জেড প্লান্ট ও পোথোসের মতো কম আলোতে ভালো জন্মানো গাছগুলোকে অপেক্ষাকৃত ছায়াযুক্ত স্থানে রাখা যায়।

অতিরিক্ত সার প্রয়োগ
অতিরিক্ত সার প্রয়োগের ফলে অনেক সময় পাতায় পোড়া ভাব দেখা দিতে পারে। এর লক্ষণ হতে পারে পাতার ডগা বাদামি হয়ে যাওয়া, গাছের বৃদ্ধি ব্যাহত হওয়া বা পাতা হলুদ হয়ে যাওয়া। তাই গাছের প্রয়োজন বুঝে পরিমিত সার প্রয়োগ করা উচিত। 

পাতা পরিষ্কার না করা
পাতায় বেশি ধুলা জমলে আলো ঠিকভাবে পাতায় পৌঁছাতে পারে না। ফলে গাছের খাদ্য তৈরির প্রক্রিয়াও ব্যাহত হতে পারে। তাই নিয়মিত নরম কাপড় দিয়ে গাছের পাতা মুছে পরিষ্কার রাখলে গাছ সুস্থ থাকবে এবং দেখতে সতেজ লাগবে।

গাছে কীটপতঙ্গের আক্রমণ
নিয়মিত গাছের পাতা ও কাণ্ডে পোকার উপস্থিতি আছে কিনা, তা খেয়াল করা জরুরি। পোকার আক্রমণ দেখা দিলে উপযুক্ত জৈব বালাইনাশক–যেমন নিম তেল ব্যবহার করা যেতে পারে। তবে নিম তেল ব্যবহারের ক্ষেত্রে পণ্যের নির্দেশনা ও সঠিক মাত্রা অনুসরণ করা উচিত। 
সূত্র: এফএনপি
 

আরও পড়ুন

×