যমুনার ভাঙনেও থামেনি স্বপ্ন
খুদে শিক্ষার্থীদের পাশে সুহৃদ
বগুড়ার সারিয়াকান্দির হাটশেরপুর ইউনিয়নের চকরতিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নদীভাঙনের ৬০ জন শিক্ষার্থীর হাতে সুহৃদরা তুলে দেন নতুন স্কুলব্যাগ
আসলাম হোসাইন
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৪৩
| প্রিন্ট সংস্করণ
নদী শুধু তীরই ভাঙে না; ভাসিয়ে নিয়ে যায় মানুষের ঘরবাড়ি, শৈশবের স্মৃতিকথা আর নিরাপদে বেড়ে ওঠার আশ্রয়। তবে, প্রমত্তা যমুনার সর্বগ্রাসী স্রোতও থমকে দিতে পারেনি চরাঞ্চলের শিশুদের লেখাপড়ার অদম্য স্বপ্নকে। যমুনার ভাঙনে বারবার বিদ্যালয় হারিয়েও যারা পড়াশোনার স্বপ্নকে শক্ত করে আঁকড়ে ধরেছে, সেই খুদে শিক্ষার্থীদের উপহারে দিলেন বগুড়ার সুহৃদরা।
সম্প্রতি বগুড়ার সারিয়াকান্দির হাটশেরপুর ইউনিয়নের চকরতিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় এক ব্যতিক্রমী কর্মসূচির। নদীভাঙনের সঙ্গে যুদ্ধ করে চলা বিদ্যালয়টির ৬০ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় নতুন স্কুলব্যাগ। ‘অনড় বাংলাদেশ’ ও ‘মোবাইল লাইফ’-এর সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল প্রতিকূল পরিবেশেও শিশুদের শিক্ষাযাত্রা অব্যাহত রাখা এবং তাদের নতুন উদ্যমে উৎসাহিত করা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রমত্তা যমুনার ভাঙনে চকরতিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এ পর্যন্ত ছয়বার নদীতে বিলীন হয়েছে। সর্বশেষ চলতি বছরের ১৭ মে বিদ্যালয়টি পুনরায় যমুনা নদীতে চলে যায়। একের পর এক ভাঙনে মাথা গোঁজার ঠাঁই ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো হারালেও দমে যায়নি এখানকার কোমলমতি শিশুরা। ভাঙাগড়ার মধ্য দিয়ে নিয়মিত পাঠগ্রহণ চালিয়ে যাচ্ছে তারা। শিশুদের এই অদম্য মনোবল ও শিক্ষার প্রতি একাগ্রতাকে সম্মান জানাতে সুহৃদ সমাবেশের এ ভালোবাসার হাত বাড়ানো।
উপস্থিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমকালের উত্তরাঞ্চল প্রতিনিধি লিমন বাসার, ব্যুরো প্রতিনিধি এসএম কাওসার, সুহৃদ সভাপতি আবু মোত্তালেব মানিক, সহসভাপতি শেখর রায়, সম্পাদক আসলাম হোসাইন, যুগ্ম সম্পাদক মিজু হাবিব এবং সদস্য শাহনেওয়াজ শাওন ও আব্দুর রউফ। আরও যুক্ত হন স্থানীয় সাংবাদিক রফিকুল ইসলাম, তহমেদুর রহমান এবং চকরতিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জিন্নাহ আলম, আমিনুল ইসলাম, আলমগীর কবির, বিজলী আক্তার, তানজিয়া সুলতানা ও নূর আলম। v
সাধারণ সম্পাদক, সুহৃদ সমাবেশ, বগুড়া
- বিষয় :
- সুহৃদ সমাবেশ