আন্তসংসদীয় বিশ্বকাপে রানার্সআপ দলকে নাগরিক সংবর্ধনার আয়োজন
সৈয়দ আনাস পাশা, লন্ডন
প্রকাশ: ১৩ জুলাই ২০১৯ | ১৬:৫১ | আপডেট: ১৩ জুলাই ২০১৯ | ১৭:০৫
আন্তসংসদীয় বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। শুক্রবার পাকিস্তানের কাছে নয় উইকেটে হেরে রানার্সআপ হয়েছে তারা।
চার দিনের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল মোট আটটি দল। গ্রুপ পর্বে যাদের বিপক্ষে ১২ রানের জয় নিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছিল বাংলাদেশ, ফাইনালে সেই পাকিস্তানের কাছে হারে তারা।
ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৪ রান করে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতার দিনে বোলাররাও জ্বলে উঠতে পারেননি। ফলে ১ উইকেট হারিয়ে ১২ ওভারেই জয় নিশ্চিত করে পাকিস্তান।
বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান। এ ছাড়া এ দলে আছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও বিসিবি সভাপতি নাজমুল হাসান।
অন্য সাংসদদের মধ্যে ছিলেন-আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (যুব ও ক্রীড়া বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি), নুরুন্নবী চৌধুরী শাওন, নাহিম রাজ্জাক, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, জুয়েল আরেং, আনোয়ারুল আবেদীন খান তুহিন, আহসান আদিলুর রহমান আদিল, ছোট মনির, সানোয়ার হোসেন, শফিকুল ইসলাম শিমুল, ফাহিম গোলন্দাজ বাবেল, মোহাম্মদ আয়েনউদ্দিন, শামীম হায়দার পাটোয়ারি ও আনোয়ারুল আজীম আনার।
রোববার ইংল্যান্ডের প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে লর্ডসে বসে বিশ্বকাপ ফাইনাল উপভোগ করবেন তারা। সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে আন্তসংসদীয় ক্রিকেট বিশ্বকাপে অংশ নেওয়া বাকি দেশগুলোর সদস্যদেরও।
এদিকে শনিবার স্থানীয় সময় বিকেল ৭টায় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দলের সম্মানে পূর্ব লন্ডনের ইম্প্রেশন ইভেন্টস ভ্যানুতে এক নাগরিক সংবর্ধনার উদ্যোগ নেয়া হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও বিসিবি সভাপতি নাজমুল হাসানসহ দলের অন্যান্য সদস্য এতে উপস্থিত থাকবেন বলে সমকালকে নিশ্চিত করেছেন অনুষ্ঠানের অন্যতম উদ্যাক্তা, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
আন্তসংসদীয় বিশ্বকাপ ক্রিকেটে রানার্স আপ হওয়ায় বাংলাদেশ টিমকে অভিনন্দন জানিয়ে আনেয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘বিশ্বকাপ ক্রিকেটে টাইগারদের প্রতি প্রবাসীদের উচ্ছ্বাস ভরা সমর্থন বিশ্ব ক্রিকেট ভক্তদের মধ্যে যে আলোড়ন তুলেছিলো, সেই আলোড়নের ধারাবাহিকতায়ই আন্তসংসদীয় বিশ্বকাপ ক্রিকেটে রানার্স আপ হওয়ার গৌরব অর্জিত হয়েছে আমাদের। আমরা এটি সেলিব্রেট করতে চাই। আর এজন্যই বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দলের সম্মানে আজকের এই নাগরিক সংবর্ধনা।
- বিষয় :
- আন্তসংসদীয়
- বিশ্বকাপ ক্রিকেট